ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলতে থাকা ‘অবিরাম হামলা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে নয়াদিল্লি জানিয়েছে, প্রতিবেশী দেশে আসন্ন সংসদীয় নির্বাচন অবশ্যই মুক্ত, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক বলেছে, এই ঘটনাটিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার প্রেক্ষাপটে দেখা উচিত।
শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে সম্প্রতি হিন্দু যুবক দীপু চন্দ্র দাস খুন হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ-সহ সংখ্যালঘুদের উপর অবিরাম হামলা গভীর উদ্বেগের বিষয়। সাম্প্রতিক হিন্দু যুবক হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাচ্ছি এবং আশা করছি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” তিনি আরও জানান, বাংলাদেশে চলমান পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে।
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ২,৯০০-রও বেশি হিংসাত্মক ঘটনার নথি স্বাধীন সূত্রে উঠে এসেছে। জয়সওয়াল স্পষ্ট করে বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনাগুলিকে সংবাদমাধ্যমের অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া বা শুধুমাত্র রাজনৈতিক হিংসা হিসেবে খাটো করে দেখা যায় না।” এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আসন্ন নির্বাচন ঘিরে ভারতের উদ্বেগ আন্তর্জাতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।
