ডেইলি ডোমকল, ভুবনেশ্বর: ওডিশায় পাথর খাদানে বড়সড় ধস নেমে একাধিক শ্রমিকের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় ওডিশার ধেনকানাল জেলার মোতঙ্গা থানার অন্তর্গত গোপালপুর গ্রামের কাছে অবস্থিত এক পাথর খাদানে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, খাদান এলাকায় শ্রমিকরা পাথর উত্তোলনের জন্য ড্রিলিং ও অনুসন্ধানের কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় হঠাৎ করে বিরাট অংশের পাথর ভেঙে পড়ে। ধসের ফলে কতজন শ্রমিক পাথরের নিচে আটকে পড়েছেন এবং দুর্ঘটনার সঠিক কারণ কী, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় দমকল বাহিনী, ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ওড্রাফ) দলের সদস্যরা। দমকল দফতরের এক আধিকারিক জানান, “উদ্ধারকাজ এখনও চলছে।” ধেনকানালের জেলাশাসক আশিস ঈশ্বর পাটিল এবং পুলিশ সুপার অভিনব সোনকার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করছেন।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন ওডিশা বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক। সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি লেখেন, “ধেনকানালের একটি পাথর খাদানে বিস্ফোরণের পর পাথর ধসে শ্রমিকদের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল এবং প্রয়াত আত্মাদের চিরশান্তি কামনা করছি।” পাশাপাশি তিনি দাবি করেছেন, কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা কতটা যথাযথ ছিল, তা খতিয়ে দেখতে উপযুক্ত তদন্ত করা হোক। একই সঙ্গে সরকারকে দ্রুত উদ্ধারকাজ ত্বরান্বিত করার দিকেও দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
