TOP NEWS

উমর-শারজিলের জেলবন্দির জন্য দায়ী কংগ্রেস: ব্যাখ্যা দিলেন মিম প্রধান ওয়াইসি

(AIMIM chief Asaduddin Owaisi || Photo Courtesy: X)

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের দীর্ঘদিনের কারাবাসের জন্য সরাসরি কংগ্রেস দলকে দায়ী করেছেন এআইএমআইএম (মিম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। প্রসঙ্গত, ২০২০ সালের দিল্লি হিংসার সঙ্গে যুক্ত ‘বৃহত্তর ষড়যন্ত্র’ মামলায় সুপ্রিম কোর্ট দুই ছাত্রনেতার জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর কংগ্রেস বিরুদ্ধে সুর ছড়ালেন তিনি।

উমর খালিদ ও শারজিল ইমামের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-তে মামলা করে তাঁদের জেলবন্দি করা হয়েছে। ইউএপিএ আইন নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন মিম প্রধান। তিনি বলেন, কঠোর এই ইউএপিএ আইনের বিধান আরও শক্তিশালী করতে কংগ্রেস বড় ভূমিকা নিয়েছিল। ওয়াইসির দাবি, পি চিদম্বরম যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন এই আইনে সংশোধনী আনা হয়। বহু বছর পর সেই সংশোধনীর ফলেই উমর খালিদ ও শারজিল ইমামের মতো বহু বিচারাধীন বন্দিকে দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছে। ওয়াইসির বক্তব্য, “সুপ্রিম কোর্ট দুই বিচারাধীন অভিযুক্তকে জামিন দেয়নি এবং কেন জামিন দেওয়া হয়নি, তার ব্যাখ্যাও দিয়েছে। ইউপিএ সরকারের সময় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে সংশোধনী আনা হয়েছিল, যেখানে সন্ত্রাসবাদ কী— তার একটি সংজ্ঞা যুক্ত করা হয়।”

এআইএমআইএম প্রধান লোকসভায় দেওয়া নিজের একটি পুরনো ভাষণের কথাও স্মরণ করেন, যেখানে তিনি ইউএপিএ-র কয়েকটি ধারা নিয়ে প্রশ্ন তুলে সেগুলিকে “সাবজেকটিভ” বা বিষয়ভিত্তিক বলে মন্তব্য করেছিলেন। এদিন ওয়াইসি বলেন, “আমি ২০০৭ বা ২০০৮ সালের কথা বলছি। সংসদে আমি বলেছিলাম— দয়া করে মূল আইনের ১৫(ক) ধারাটি দেখুন, যেখানে বলা হয়েছে ‘যে কোনও অন্য উপায়ে, যেকোনও প্রকৃতির’। এটি একটি সম্পূর্ণ বিষয়ভিত্তিক বিষয়। আগামীকাল অরুন্ধতী রায়কে তিনি যা লিখছেন, তার জন্যও গ্রেফতার করা হতে পারে। এটি সাবজেকটিভ, এবং কে এর সংজ্ঞা দেবে?”

মিম নেতার বক্তব্য, উমর খালিদ ও শরজিল ইমামকে জামিন না দেওয়ার যে যুক্তি আদালত দেখিয়েছে, সেটিই তিনি আগেই লোকসভায় তুলে ধরেছিলেন। হায়দারাবাদের সাংসদ প্রশ্ন তোলেন, “এই ‘যে কোনও অন্য উপায়ে’ শব্দবন্ধের ভিত্তিতেই, যা কংগ্রেস আইন হিসেবে প্রণয়ন করেছিল এবং যার অপব্যবহার হবে বলে আমি আগেই সতর্ক করেছিলাম, আজ পাঁচ বছর ছয় মাস ধরে জেলে থাকা দুই যুবক জামিন পেল না। আইনটি যাঁরা করেছিলেন, তাঁরা কংগ্রেসেরই নেতা, আর তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চিদম্বরম। স্বাধীনতার পর থেকে কি কংগ্রেসের কোনও নেতা এক বছর, দুই বছর বা পাঁচ বছর ছয় মাস জেলে থেকেছেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!