TOP NEWS

“অনুপ্রবেশই বাংলার বড় চ্যালেঞ্জ, এবার বদল দরকার”: মালদহের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর

(মালদার জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। || Image Credit: X/@narendramodi)

ডেইলি ডোমকল, মালদা: “ভারতবর্ষের মানুষ, বিশেষ করে ‘জেন-জি’ (Gen Z) প্রজন্মের তরুণরা বিজেপির উন্নয়ন মডেলের ওপর পূর্ণ আস্থা রেখেছে”—শনিবার (১৭ জানুয়ারি) মালদার এক বিশাল জনসভা থেকে এই ভাষাতেই আগামীর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, রাজ্যে ‘সিন্ডিকেট রাজ’ ও তোষণের রাজনীতির কারণেই জনবিন্যাস বদলে যাচ্ছে।

অনুপ্রবেশ ও জনবিন্যাস নিয়ে কড়া বার্তা

প্রধানমন্ত্রী এদিন অনুপ্রবেশ ইস্যুকে বাংলার উন্নয়নের পথে সবথেকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, “অনুপ্রবেশ বাংলার সামনে এক বিশাল চ্যালেঞ্জ। বিশ্বের অনেক উন্নত ও ধনী দেশও এখন অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অনুপ্রবেশকারীদের সরানো সমানভাবে জরুরি।” তাঁর অভিযোগ, মালদা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে দাঙ্গা ও অশান্তির নেপথ্যে রয়েছে এই অবাধ অনুপ্রবেশ, যা শাসক দলের মদতেই ডালপালা মেলছে।

উদ্বাস্তু ও মতুয়াদের আশ্বাস

ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে চলা বিতর্কের মাঝেই এদিন উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “মতুয়াদের মতো যারা ধর্মীয় নিগ্রহের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদের আশ্বস্ত করছি, আপনারা সুরক্ষিত।” প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, “বাংলার প্রতিটি গৃহহীন মানুষের মাথার ওপর পাকা ছাদ এবং পরিচ্ছন্ন পানীয় জল নিশ্চিত করতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।”

তৃণমূলকে তোপ ও নয়া স্লোগান

রাজ্য সরকারকে ‘নিষ্ঠুর ও হৃদয়হীন’ আখ্যা দিয়ে মোদী অভিযোগ করেন, তৃণমূল কেন্দ্রীয় সাহায্য আটকে রেখে সাধারণ মানুষকে বঞ্চিত করছে এবং জনগণের টাকা লুঠ করছে। তিনি বলেন, “তৃণমূলকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় এলেই বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব। বাংলার চারপাশ এখন বিজেপির সুশাসিত রাজ্য দিয়ে ঘেরা, এবার বাংলার পালা।” আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী এদিন বাংলায় তাঁর নতুন স্লোগান তুলে ধরেন— ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, আগামী নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে বিপুল জনমত দিয়ে জয়ী করবে এবং রাজ্যে তৃণমূলের ‘গুন্ডাগিরি ও হুমকির রাজনীতি’র অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!