TOP NEWS

ডোমকলে নেতাজি জয়ন্তীতে নয়া ইতিহাস: আকাশ ছুঁলো ১০০ ফুটের তেরঙা

(ডোমকলে ১০০ ফুট উচ্চতার জাতীয় পতাকা। || নিজস্ব চিত্র)

নিজস্ব প্রতিবেদক, ডোমকল: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তীতে এক অনন্য ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল মুর্শিদাবাদের ডোমকল। এই ঐতিহাসিক দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে ডোমকল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হলো এক মহতী ও ব্যতিক্রমী উদ্যোগ। মহকুমা শাসকের অফিস চত্বরে সগৌরবে উত্তোলন করা হলো প্রায় ১০০ ফুট (৩০ মিটার) উচ্চতার বিশালাকার ভারতীয় জাতীয় পতাকা।

শুক্রবার সকালে যখন বিশালাকার তেরঙাটি ধীরে ধীরে নীল আকাশ ছুঁয়ে উড়তে শুরু করে, তখন উপস্থিত ডোমকলবাসী আবেগে আপ্লুত হয়ে পড়েন। চারপাশ ভরে ওঠে দেশপ্রেমের জয়ধ্বনিতে। উপস্থিত জনতা ও কর্মকর্তাদের চোখে-মুখে ফুটে ওঠে গর্বের ছাপ। নেতাজির অদম্য আদর্শকে স্মরণ করে জাতীয় পতাকার এই রাজকীয় উপস্থিতি যেন উপস্থিত সকলকে নতুন করে দেশপ্রেমের শপথ নিতে উদ্বুদ্ধ করে।

এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন সম্পন্ন হয়। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান, ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা, মহকুমা আরক্ষা আধিকারিক শুভম বাজাজ, ডোমকল থানার আইসি তপাই বিশ্বাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা জানান, “আজ নেতাজির জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অনুষ্ঠান হচ্ছে। ডোমকলের জন্য একটি অত্যন্ত খুশির খবর হলো—মহকুমা অফিস চত্বরে ৩০ মিটার উঁচু ভারতীয় জাতীয় পতাকা আজকে উত্তোলন করা হলো। এই পতাকা ডোমকলবাসীকে আরও উঁচু স্বপ্ন দেখতে সাহায্য করবে এবং দেশপ্রেমের চেতনাকে আরও জাগ্রত করবে।”

প্রশাসনের এই ব্যতিক্রমী ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, ডোমকল এসডিও, এসডিপিও এবং পুলিশ প্রশাসনের এই সম্মিলিত উদ্যোগ ডোমকলের ইতিহাসে এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। এটি কেবল একটি পতাকা উত্তোলন নয়, বরং ঐক্য ও নেতাজির বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধার এক স্থায়ী প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!