TOP NEWS

পুলিশের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়ে বদলি বিচারক: ‘বিচারব্যবস্থার ওপর সরাসরি হামলা’, সরব কংগ্রেস

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের সম্বল হিংসার ঘটনায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেওয়া বিচারক বিভাংশু সুধীরের আকস্মিক বদলি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। শনিবার হাত শিবির অভিযোগ করা হয়েছে যে, এই পদক্ষেপ কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি “বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত”।

কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা এক সংবাদ সম্মেলনে এই “স্বেচ্ছাচারী এবং গভীর উদ্বেগজনক” বদলির বিষয়ে সুপ্রিম কোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। খেরা বলেন, আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন রক্ষায় সময়োপযোগী বিচার বিভাগীয় হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।

পবন খেরা তাঁর বক্তব্যে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেন, বিচারক বিভাংশু সুধীর গত বছরের ১৮ সেপ্টেম্বর আগ্রা থেকে সম্বলে এসেছিলেন। মাত্র চার মাসের মাথায় তাঁর এই বদলিকে “নজিরবিহীন” এবং “প্রতিশোধমূলক” বলে বর্ণনা করেছে কংগ্রেস। গত ৯ জানুয়ারি সিজেএম সুধীর তৎকালীন সার্কেল অফিসার অনুজ চৌধুরীসহ অন্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন। কংগ্রেসের দাবি, বিচার বিভাগীয় প্রক্রিয়াকে বাধা দিতেই তাঁকে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে। খেরা অভিযোগ করেন, শুরুতে সুধীরের জায়গায় সেই বিচারককেই নিয়োগের চেষ্টা করা হয়েছিল যিনি জামে মসজিদের বিতর্কিত সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন। তবে জনরোষের মুখে ৪৮ ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

পবন খেরা আরও অভিযোগ করেন, বিজেপি প্রথমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়, এরপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে এবং পরে অপরাধীদের আড়াল করতে বিচারবিভাগের মতো প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, “সম্বল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিজেপির এক গভীর ও অশুভ কৌশলের অংশ।” তিনি আরও জানান, সম্বল হিংসার সময় পুলিশের এলোপাথাড়ি গুলিতে মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদকারীদের মৃত্যু হয়েছিল, যা অনেকটা ‘হেফাজতে হত্যার’ মতো। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের পরিবর্তে সরকার ধামাচাপা দেওয়ার পথ বেছে নিয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ নভেম্বর উত্তরপ্রদেশের সম্বলে মুঘল আমলের জামে মসজিদে আদালত-নির্দেশিত সমীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!