TOP NEWS

আই-প্যাক মামলার শুনানি পিছল সুপ্রিম কোর্টে, ‘তদন্তে হস্তক্ষেপ ছিল না’ স্পষ্ট করল সিপি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: আই-প্যাক মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা পিছিয়ে গেল। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে শুনানি মুলতুবি রাখার আবেদন জানানো হয়।

সেই আবেদনে সাড়া দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার প্রস্তাব অনুযায়ী, পরবর্তী শুনানির দিন আগামী ১৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। এই মামলায় মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, ডিজি এবং সিপি-র তরফ থেকে জমা দেওয়া হলফনামার জবাব দেওয়ার কথা ছিল ইডির। কিন্তু শুনানি পিছিয়ে যাওয়ায় সেই প্রক্রিয়াও আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে, আই-প্যাক মামলায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৎকালীন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। লাউডন স্ট্রিটে তাঁর উপস্থিতি ঘিরে ওঠা বিতর্কের প্রেক্ষিতে জারি করা এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর ভূমিকা ছিল সম্পূর্ণভাবে প্রশাসনিক প্রোটোকল ও নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ। মনোজ ভার্মা জানান, সেদিন লাউডন স্ট্রিটে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশের শীর্ষ আধিকারিক হিসেবে তাঁর একমাত্র লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো।

ইডির তদন্তে হস্তক্ষেপের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো আধিকারিককে তিনি কোনো নির্দেশ দেননি। তদন্ত বা তল্লাশি প্রক্রিয়ায় তাঁর কোনো রকম হস্তক্ষেপ ছিল না বলেও স্পষ্ট দাবি করেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও ভিভিআইপি প্রোটোকল মেনেই তিনি সেখানে উপস্থিত ছিলেন। তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা বা অংশগ্রহণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৎকালীন নগরপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!