ডেইলি ডোমকল, কলকাতা: বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (Special Intensive Revision – SIR) পর্বের শেষলগ্নে কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। কাজে গাফিলতি, ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরণের অভিযোগে রাজ্যের ৭ জন আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে দিল্লির নির্বাচন সদন থেকে নবান্নে রাজ্যের মুখ্যসচিবের কাছে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে।
কমিশন সূত্রে খবর, এই সাতজন আধিকারিকই ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে নিযুক্ত ছিলেন এবং ‘অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার’ (AERO) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রেক্ষিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশিকায় যে সাত আধিকারিকের নাম ও কর্মস্থল উল্লেখ করা হয়েছে, তারা হলেন:
মুর্শিদাবাদ জেলা: ৩ জন (সামশেরগঞ্জের AERO শেফাউর রহমান, ফরাক্কার AERO নীতীশ দাস, এবং সুতির AERO শেখ মুর্শিদ আলম)।
দক্ষিণ ২৪ পরগনা জেলা: ২ জন (ক্যানিং পূর্বের AERO সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু)।
পশ্চিম মেদিনীপুর জেলা: ১ জন (ডেবরার বিডিও তথা AERO দেবাশিষ বিশ্বাস)।
জলপাইগুড়ি জেলা: ১ জন (ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরী)।
নির্বাচন প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না বলে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। দ্রুত এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
