ডেইলি ডোমকল, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে জোর প্রস্তুতিতে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে কালীঘাটে উচ্চপর্যায়ের বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচনী কৌশলবিদ সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। দলীয় সূত্রে খবর, এই বৈঠকেই প্রার্থী তালিকা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং তালিকা প্রায় চূড়ান্ত। বুধবার ও বৃহস্পতিবার কালীঘাটে ধারাবাহিক বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্রের দাবি, এবারের তালিকায় বেশ কিছু চমক থাকতে চলেছে। বাংলার এক জনপ্রিয় গায়িকা এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীকে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে বলেও জল্পনা রাজনৈতিক মহলে।
নবীনদের উত্থানে জোর
দলের ভেতরে দীর্ঘদিন ধরেই নবীন নেতৃত্বকে সামনে আনার পক্ষে সওয়াল করে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভাবনারই প্রতিফলন এবারের প্রার্থী তালিকায় দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, প্রায় ৪০ জন নবীন মুখ এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেতে পারেন। তরুণ নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে ভবিষ্যতমুখী করার কৌশল নিয়েছে দল।
প্রবীণদের ভূমিকা বদলের ইঙ্গিত
নবীনদের জায়গা করে দিতে গিয়ে কিছু প্রবীণ নেতার টিকিট কাটতে পারে বলেও আলোচনা চলছে। তবে তাঁদের পুরোপুরি সরিয়ে না দিয়ে সংগঠনের দায়িত্বে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্ব নবীন-প্রবীণের সমন্বয়ের বার্তা দিতে চাইছে বলে সূত্রের দাবি।
হেভিওয়েটদের আসন বদলের সম্ভাবনা
এবারের নির্বাচনে একাধিক বর্তমান মন্ত্রীর বিধানসভা আসন বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলীয় সূত্রের মতে, কৌশলগত কারণে কয়েকজন হেভিওয়েট নেতাকে নতুন আসনে প্রার্থী করা হতে পারে। ফলে তাঁদের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে কোথায় প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে।
চূড়ান্ত ঘোষণার অপেক্ষা
সব মিলিয়ে, তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় বড় রদবদল ও চমকের পথেই হাঁটছে বলে রাজনৈতিক মহলের অভিমত। নবীন-প্রবীণের মেলবন্ধন, সেলিব্রিটি প্রার্থী, আসন পুনর্বিন্যাস—সব মিলিয়ে কালীঘাটের বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে। এখন নজর চূড়ান্ত তালিকা ঘোষণার দিকে।
