ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়ক ব্যবহারকারীদের জন্য বড় খবর। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে দেশের সমস্ত জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজায় নগদ টাকার লেনদেন সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। নতুন এই নিয়ম কার্যকর হলে টোল ট্যাক্স মেটানোর জন্য একমাত্র ভরসা হবে ফাস্ট্যাগ (FASTag) এবং ইউপিআই (UPI)-এর মতো ডিজিটাল মাধ্যমগুলি। বৃহস্পতিবার এনএইচএআই-এর পক্ষ থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, টোল সংগ্রহ ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করে তোলা এবং এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনাই তাদের প্রধান লক্ষ্য। এর ফলে টোল প্লাজাগুলিতে যানজট কমবে এবং যাত্রীদের যাতায়াত আরও মসৃণ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে দেশে ফাস্ট্যাগ ব্যবহারের হার ৯৮ শতাংশ ছাড়িয়ে গেছে। এনএইচএআই-এর মতে, অধিকাংশ যানবাহন এখন RFID-যুক্ত ফাস্ট্যাগ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল মেটাচ্ছে। ফাস্ট্যাগের পাশাপাশি এখন টোল প্লাজাগুলোতে UPI এর মাধ্যমেও পেমেন্ট করার সুবিধা রয়েছে। নগদ লেনদেনের কারণে অনেক সময় টোল প্লাজায় বিবাদ এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা ডিজিটাল ব্যবস্থায় এড়ানো সম্ভব।
বর্তমান নিয়ম অনুযায়ী, যদি কোনো গাড়িতে বৈধ ফাস্ট্যাগ না থাকে এবং চালক নগদে টাকা দিতে চান, তবে তাকে সাধারণ টোল ফির দ্বিগুণ (২ গুণ) টাকা দিতে হয়। অন্যদিকে, কেউ যদি ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করতে চান, তবে তাকে নির্ধারিত ফির ১.২৫ গুণ টাকা দিতে হয়। ১ এপ্রিল থেকে নগদ লেনদেন বন্ধ হলে এই জটিলতা দূর করে সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে চাইছে সংস্থাটি।
এনএইচএআই জানিয়েছে, দেশজুড়ে প্রায় ১,১৫০টিরও বেশি টোল প্লাজা রয়েছে। নগদ লেনদেনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হওয়ায় পিক-আওয়ারে টোল প্লাজাগুলিতে ব্যাপক ভিড় হয়। প্রযুক্তি-নির্ভর এবং উচ্চ-দক্ষতাসম্পন্ন জাতীয় সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।
