TOP NEWS

ইরানের হামলায় নিহত ৬ মার্কিন সেনা: নিশ্চিত করল সেন্টকম

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলা শুরুর পর পাল্টা আঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকমের বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলার সময় একটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়। সেখান থেকে সম্প্রতি আরও দুজন নিখোঁজ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত মোট ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করল পেন্টাগন।

নিহত সেনাদের পরিচয় এখনই প্রকাশ করা হয়নি। সামরিক নীতি অনুযায়ী, নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের নাম ও বিস্তারিত পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে। বর্তমানে তাদের পরিবারকে এই শোক সংবাদ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

সেন্টকমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ওই অঞ্চলে বর্তমানে “বড় ধরনের যুদ্ধকালীন অভিযান” (Major combat operations) অব্যাহত রয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই নজিরবিহীন সংঘাতের ফলে মার্কিন ও ইসরায়েলি বাহিনী এবং ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ তীব্রতর হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!