ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: গত শনিবার থেকে ইরানজুড়ে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনে দাঁড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি সোমবার এক বিবৃতিতে এই ভয়াবহ প্রাণহানির খবর নিশ্চিত করেছে।
ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবদেনে জানিয়েছে, ইরানের ১৩১টি আবাসিক এলাকা এই যৌথ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৫৫ নিশ্চিত করা গেলেও আহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। এর আগে গত শনিবার সংস্থাটি ২০১ জনের মৃত্যু এবং ৭৪৭ জন আহতের কথা জানিয়েছিল, যা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
এই সামরিক অভিযানের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, শনিবারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সরকারি ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর খবরটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা এবং চরম অস্থিরতা তৈরি করেছে।
শীর্ষ নেতৃত্বের মৃত্যু এবং ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতির জবাবে ইরানও বসে নেই। তেহরান ইতিমধ্যে ইসরায়েল, মার্কিন সামরিক স্থাপনা এবং কয়েকটি উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা প্রতিশোধ নেওয়া শুরু করেছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের মুখে দাঁড়িয়েছে।
