ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শক্তির আগ্রাসনের মুখে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে নতজানু করার যে স্বপ্ন শত্রুরা দেখছে, তা কখনোই পূরণ হবে না।
বর্তমানে দেশটি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমাদের মাতৃভূমি রক্ষায় সবাইকে আজ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে।”
এই সংঘাতময় পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন যারা সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক হামলার শিকার হয়েছে। তিনি স্পষ্ট করেন, ইরান কখনোই প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ চালাতে চায় না। তারা প্রতিবেশী দেশগুলোকে ‘ভাই’ হিসেবে গণ্য করে। প্রেসিডেন্ট বলেন, “ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি থেকে শুরু করে অনেক সামরিক কমান্ডার ও সাধারণ মানুষ শত্রুর নৃশংস আগ্রাসনে শহিদ হয়েছেন। এমন পরিস্থিতিতে যখন কমান্ডাররা উপস্থিত থাকেন না, তখন সশস্ত্র বাহিনী তাদের বীরত্বের সাথে মাতৃভূমি রক্ষা করতে বাধ্য হয়।”
প্রেসিডেন্ট জানিয়েছেন, সম্প্রতি অস্থায়ী নেতৃত্ব পরিষদের এক জরুরি বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতিবেশী কোনো দেশের ওপর ইরান হামলা চালাবে না। এমনকি কোনো মিসাইলও নিক্ষেপ করবে না, যতক্ষণ না সেই দেশটি থেকে ইরানের ওপর আক্রমণের কোনো পরিকল্পনা করা হয়। তিনি জোর দিয়ে বলেন, “শত্রুরা যদি প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানের ওপর হামলার চেষ্টা না করে, তবে কোনো অবস্থাতেই আমরা সেই প্রতিবেশী দেশগুলোর দিকে তাক করব না।”
আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে পেজেশকিয়ান জানান, ইরান কখনোই যুদ্ধ চায় না। তিনি বরং সংঘর্ষের পরিবর্তে আলোচনার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন। দেশের বর্তমান এই সংকটের সময়ে প্রতিটি নাগরিককে ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করেছেন ইরানের প্রেসিডেন্ট।
