TOP NEWS

ফারুক আবদুল্লাহর উপর গুলি, দেশজুড়ে তীব্র নিন্দা; নিরাপত্তা ব্যবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহর উপর গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। বুধবার রাতে জম্মুতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ফারুক আবদুল্লাহ। সেই সময় এক ব্যক্তি কাছ থেকে তাঁর দিকে গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অক্ষত রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির নাম কমল সিং জামওয়াল (৬৩)। তিনি জম্মুর পুরানি মন্ডি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, প্রায় ২০ বছর ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন ফারুক আবদুল্লাহকে টার্গেট করার জন্য।

ন্যাশনাল কনফারেন্সের নেতারা বৃহস্পতিবার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন ব্যক্তি এত কাছাকাছি পৌঁছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলার চেষ্টা করতে পারল। উল্লেখ্য, ফারুক আবদুল্লাহ কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাগুলির একটি Z+ ক্যাটেগরির নিরাপত্তা পান। ফলে এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ত্রুটির ইঙ্গিত দেয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এনসি নেতারা প্রশাসনের কাছে আবদুল্লাহর নিরাপত্তা আরও জোরদার করা এবং ভিআইপি নিরাপত্তা ব্যবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি তুলেছেন। কেন্দ্রীয় ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ স্তর হল Z+ (ASL), তার পরে রয়েছে Z+, Z, Y+, Y এবং X ক্যাটেগরি।

ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস। জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক হামিদ কারা বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং অন্যান্য সিনিয়র নেতাদের উপর এই গুলিচালনার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের সহিংসতা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়।” কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও কংগ্রেস লেজিসলেটিভ পার্টির নেতা গোলাম আহমেদ মীর ঘটনার নিন্দা করে বলেন, জনসমক্ষে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিরাপত্তা ব্যবস্থার কোথায় গলদ ছিল তা খতিয়ে দেখা দরকার।

অন্যদিকে, বিজেপি এই হামলার তীব্র নিন্দা করেছে। দলের মুখপাত্র সুনীল শেঠি বলেন, “গণতান্ত্রিক সমাজে সহিংসতার কোনও স্থান নেই। রাজনৈতিক মতপার্থক্য সংলাপ ও সাংবিধানিক পথেই সমাধান হওয়া উচিত।”

বিজেপি মুখপাত্র তাহির চৌধুরী বলেন, রাজনৈতিক নেতাদের উপর হামলার চেষ্টা গণতন্ত্রকে দুর্বল করে এবং সমাজে ভয়ের পরিবেশ তৈরি করে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে বড় বিপদ এড়ানোর জন্য তিনি নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেন। বিজেপি বিধায়ক বিক্রম রন্ধাওয়া ফারুক আবদুল্লাহর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং সংহতি জানান। তিনি বলেন, “জম্মু বরাবরই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত। এমন ঘটনা এই অঞ্চলে আগে দেখা যায়নি। এমনকি জঙ্গিবাদের কঠিন সময়েও জম্মুতে সম্প্রীতি বজায় ছিল।”

এই ঘটনার নিন্দা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বলেন, এই ধরনের সহিংস ঘটনা নিন্দনীয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি তিনি ফারুক আবদুল্লাহর সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!