TOP NEWS

“শত্রুর হিসাব ভুল প্রমাণিত হয়েছে”: পারস্য নববর্ষের বার্তায় ইরানি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দাবি করেছেন, তার দেশের প্রতিরক্ষা সক্ষমতা শত্রুদের অনুমানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। শুক্রবার পারস্য নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় তিনি অভিযোগ করেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ শক্তি পরিমাপে মারাত্মক ভুল করেছে।

মোজতবা খামেনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ মূলত ইরানের ভেতরে জনবিক্ষোভ উসকে দিতে ব্যর্থ হওয়ার পর শত্রুদের একটি হতাশাজনক পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, শীর্ষ নেতাদের এবং সামরিক ব্যক্তিত্বদের হত্যার মাধ্যমে ইরানিদের মধ্যে ভয় ও হতাশা ছড়িয়ে শাসনব্যবস্থা ভেঙে দেওয়ার যে পরিকল্পনা ছিল, তা ভেস্তে গেছে। বরং সাধারণ জনগণ সারা দেশে একটি ‘বিশাল প্রতিরক্ষা বলয়’ গড়ে তুলেছে। নতুন পারস্য বছরের স্লোগান হিসেবে তিনি “জাতীয় ঐক্য ও জাতীয় নিরাপত্তার অধীনে প্রতিরোধ অর্থনীতি” ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি দেশটির গণমাধ্যমগুলোকে অভ্যন্তরীণ দুর্বলতা প্রদর্শন না করে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সম্প্রতি তুরস্ক ও ওমানে হওয়া হামলার দায় অস্বীকার করেছেন মোজতবা খামেনেই। তিনি সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষে ইসরায়েল এই হামলাগুলো চালিয়েছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনেইসহ প্রায় ১,৩০০ মানুষ নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে ভয়াবহ অস্থিরতা চলছে। এর জবাবে ইরানও ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই পাল্টা হামলার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার এবং বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!