TOP NEWS

পশ্চিম এশিয়ায় যুদ্ধ: একাধিক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দু’বার করে কথা বলেছি— রাজ্যসভায় মোদি

(Image Courtesy: Sansad Tv)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতি এবং তার জেরে বিশ্ব অর্থনীতি ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান, ভারত এই সংকটের সমাধান হিসেবে বরাবরই ‘কূটনীতি ও আলোচনা’র পথে হাঁটার পক্ষপাতী। একইসঙ্গে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ও পণ্য পরিবহণে বাধা সৃষ্টির কড়া সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি ব্যক্তিগতভাবে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন। তাঁর কথায়, “আমি পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দু’বার করে কথা বলেছি। আমরা সমস্ত উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরান, ইজরায়েল এবং আমেরিকার সঙ্গেও নিরন্তর যোগাযোগ রাখছি। আমাদের লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে ওই অঞ্চলে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করা।”

আন্তর্জাতিক সমুদ্রপথে বিশেষ করে হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারত বরাবরই অসামরিক পরিকাঠামো, পরিবহণ এবং জ্বালানি খাতের ওপর হামলার বিরোধিতা করে এসেছে। যুদ্ধের আবহেও ভারতীয় জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী মনে করিয়ে দেন, প্রায় ১ কোটি ভারতীয় উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কাজ করেন। তাঁদের জীবন ও জীবিকার নিরাপত্তা ভারতের কাছে সবথেকে বড় উদ্বেগের বিষয়। তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালীতে বহু বাণিজ্যিক জাহাজ আটকে রয়েছে। ওই জাহাজগুলোতে প্রচুর সংখ্যক ভারতীয় ক্রু সদস্য বা নাবিক আটকে আছেন। এই কঠিন পরিস্থিতিতে তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করা ভারত সরকারের অগ্রাধিকার।

পশ্চিম এশিয়ার এই সংকটকে কেবল একটি আঞ্চলিক সমস্যা হিসেবে না দেখে মানবিকতার খাতিরে দেখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যে কারও জীবনের ওপর হুমকি আসা মানবজাতির স্বার্থের পরিপন্থী।” এই সংকটকালীন পরিস্থিতিতে ভারতের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা যাতে শান্তি ও আলোচনার পক্ষে একটি ‘একত্রিত স্বর’ (United Voice) তুলে ধরে, সেই আবেদনও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!