নিজস্ব সংবাদদাতা, ডোমকল: বয়স ৯০-এর কোঠায়। শরীরে আগের মতো জোর নেই, অন্যের সাহায্য ছাড়া এক পা চলার ক্ষমতাটুকুও হারিয়েছেন। কিন্তু তাতে কী? গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার অদম্য জেদ আর ইচ্ছাশক্তির কাছে হার মানল বার্ধক্য। বৃহস্পতিবার ডোমকলের ২২০ নম্বর বুথে সশরীরে উপস্থিত হয়ে ভোট দিয়ে নজর কাড়লেন নরজপুরের প্রবীণ বাসিন্দা আব্দুল বারি মন্ডল।
বৃহস্পতিবার সকাল থেকেই ডোমকলের বিভিন্ন বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। প্রখর রোদ আর ভিড় উপেক্ষা করে মানুষ শামিল হয়েছিলেন ভোটাধিকারে। তবে ২২০ নম্বর বুথের দৃশ্য ছিল কিছুটা আলাদা। পরিবারের এক সদস্যের কাঁধে ভর দিয়ে যখন আব্দুল বারি বুথে প্রবেশ করলেন, তখন উপস্থিত সকলের চোখে ছিল বিস্ময় ও শ্রদ্ধা। ১৮ বছর বয়স হওয়ার পর থেকে কখনও ভোট দেওয়া বন্ধ করেননি তিনি। মাঝে কেবল গুরুতর অসুস্থতার কারণে কয়েকবার বুথে আসতে পারেননি। এবার আর সেই আক্ষেপ রাখতে চাননি তিনি। তাই জরাজীর্ণ শরীর নিয়েই পৌঁছে গিয়েছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল বারি তাঁর স্পষ্ট রাজনৈতিক অবস্থানের কথা জানান। তিনি বলেন, “বয়স হলে কি হবে? ভোটটা তো দিতেই হবে। ১৮ বছর হওয়ার পর থেকে কোনোদিন ভোট দেওয়া কামাই করিনি। এবারের ভোটটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বিজেপি-র হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্যই এই বয়সে এত কষ্ট করে ভোট দিতে এলাম।”
আব্দুল বারির এই অদম্য উৎসাহ ডোমকলের ভোটারদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। যেখানে সামান্য রোদ বা দীর্ঘ লাইনের অজুহাতে অনেকে ভোটদান থেকে বিরত থাকেন, সেখানে ৯০ বছর বয়সী এই বৃদ্ধ প্রমাণ করে দিলেন, সদিচ্ছা থাকলে কোনো বাধাই বড় নয়। তাঁর মতে, নিজের মত প্রকাশের এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়।
