ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দিল্লির মালব্য নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঠিক পরদিনই এবার চিকিৎসালয়ে অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনা ঘটল। বৃহস্পতিবার ভোরে বিহারের মুজাফফরপুরের একটি হাসপাতালের আইসিইউ (ICU)-তে ভয়াবহ আগুন লেগে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও ১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টে নাগাদ একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনটি পুরো আইসিইউ জুড়ে ছড়িয়ে পড়ে, যেখানে বেশ কয়েকজন মুমূর্ষু রোগীর চিকিৎসা চলছিল। আগুন লাগার পরপরই হাসপাতালের আইসিইউ এবং আশেপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এর ফলে চিকিৎসাধীন রোগী, তাঁদের পরিজন এবং কর্তব্যরত চিকিৎসাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীরা। তাঁরা যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত অংশ থেকে রোগীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
মুজাফফরপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, “দুর্ঘটনার সময় আইসিইউ-তে ১৩ জন রোগী এবং সিসিইউ-তেও বেশ কয়েকজন রোগী ভর্তি ছিলেন। তাঁদের সবাইকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “প্রাথমিক দৃষ্টিতে ঘটনাটি শর্ট সার্কিট থেকেই ঘটেছে বলে মনে হচ্ছে। তবে ঠিক কী কারণে এবং কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দিল্লির পর মুজাফফরপুরের এই ঘটনা আবারও দেশের হাসপাতাল ও বাণিজ্যিক ভবনগুলির অগ্নি-নির্বাপণ ব্যবস্থা এবং পরিকাঠামোগত সুরক্ষাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে এবং তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
