TOP NEWS

নির্ভয়াকাণ্ডের ছায়া: হরিয়ানায় নৃশংসভাবে গণধর্ষণ, চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলা হল নির্যাতিতাকে

(Representation Image)

ডেইলি ডোমকল, চণ্ডীগড়: ফিরল নির্ভয়াকাণ্ডের ছায়া। বিজেপি শাসিত হরিয়ানায় নৃশংসভাবে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। ফরিদাবাদে চলন্ত গাড়ির ভিতরে এক ২৮ বছর বয়সি মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে৷ নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়ির ভিতরে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয় মহিলাকে। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানায় গুরুগ্রাম-ফরিদাবাদ রোডে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। বাড়িতে জানিয়ে যান, তিনি এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই তিনি বাড়ি ফিরে আসবেন বলেও জানিয়েছিলেন। তবে বন্ধুর বাড়ি থেকে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেকটা কম ছিল। গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি গাড়ির অপেক্ষায় ছিলেন ওই মহিলা। সেই সময় একটি ভ্যান এসে দাঁড়ায় এবং ভেতরে থাকা দু’জন যুবক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বিশ্বাস করে তিনি গাড়িতে উঠলে অভিযুক্তরা গন্তব্যের দিকে না গিয়ে ভ্যানটি গুরুগ্রাম রোডের দিকে নিয়ে যায়।

অভিযোগ, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভিতরে মহিলাকে আটকে রেখে গণধর্ষণ করা হয়। মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলে এবং বারবার ছেড়ে দেওয়ার আবেদন জানালেও অভিযুক্তরা নির্যাতন চালিয়ে যায়। একপর্যায়ে মহিলাকে মুখ বন্ধ রাখতে হুমকি দেয়। মঙ্গলবার ভোর আনুমানিক ৩টা নাগাদ ফরিদাবাদের এসজিএম নগর এলাকার রাজা চক সংলগ্ন রাস্তায় চলন্ত ভ্যান থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর মুখে আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মহিলাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে রেফার করেন।

নির্যাতিতার পরিবার কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ দায়ের হওয়ার পর ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ দু জন সন্দেহভাজনকে আটক করে৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। পাশাপাশি, ঘটনার সঙ্গে যুক্ত ভ্যানটির খোঁজেও তদন্ত চলছে।

এই নির্মম ঘটনা ফের উস্কে দিয়েছে ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের স্মৃতি। সেবার দক্ষিণ দিল্লিতে এক ২৩ বছর বয়সি ফিজিওথেরাপির ছাত্রীকে চলন্ত বাসের ভিতরে গণধর্ষণ করা হয়েছিল। নির্যাতনের পর তাঁকে ও তাঁর বন্ধুকে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয় এবং যৌন অপরাধ সংক্রান্ত আইনে ব্যাপক পরিবর্তন আনা হয়। এক দশকেরও বেশি সময় পর বিজেপির রাজ্যে ফের একই অপরাধের ভয়াবহ চিত্র সামনে আনল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!