TOP NEWS

গভীর গিরিখাতে সেনার গাড়ি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ১০ বীর জওয়ান, শোকপ্রকাশ রাজনাথের

ডেইলি ডোমকল, শ্রীনগর: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জম্মু-কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর ১০ জন বীর জওয়ান। বৃহস্পতিবার প্রতিকূল আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাঁজোয়া যান প্রায় ২০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যাওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ১১ জন জওয়ান আহত হয়েছেন বলে খবর।

সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক ‘হোয়াইট নাইট কর্পস’ জানিয়েছে, একটি সামরিক অভিযানের জন্য জওয়ানদের নিয়ে যাওয়ার সময় ডোডা এলাকায় খারাপ আবহাওয়া এবং দুর্গম পাহাড়ি পথে চাকা পিছলে গাড়িটি খাদে পড়ে যায়। ২১ জন জওয়ান বহনকারী গাড়িটি ভাদেরওয়াহ-চাম্বা সড়কের প্রায় ৯০০০ ফুট উচ্চতায় ‘খান্নি টপ’-এর কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। প্রবল ধাক্কায় সেনাবাহিনীর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ১০ জন জওয়ানের মৃত্যু হয় এবং ১১ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে উধমপুর সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 

এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এক্স-এ লিখেছেন, “ডোডার মর্মান্তিক পথ দুর্ঘটনায় আমাদের ভারতীয় সেনাবাহিনীর ১০ জন সাহসী জওয়ানকে হারানোর সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহত জওয়ানরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে পুরো দেশ আমাদের সশস্ত্র বাহিনী এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে।”

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জম্মু-কাশ্মীরজুড়ে যখন কড়া নিরাপত্তা জারি রয়েছে, ঠিক তখনই এই দুর্ঘটনাটি ঘটল। খবর পেয়েই সেনাবাহিনী ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছান। জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা সামাজিক মাধ্যমে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “ডোডার দুর্ভাগ্যজনক পথ দুর্ঘটনায় আমাদের ১০ জন বীর জওয়ানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমরা সবসময় আমাদের সাহসী জওয়ানদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ রাখব। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।” এদিকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!