ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ১৯৯৫ সালের একটি পুরনো মামলায় শুক্রবার রাতে পটনার বাসভবন থেকে গ্রেফতার হলেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। আদালতের নির্দেশ অমান্য করে শুনানিতে হাজিরা না দেওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করেছে পটনা পুলিশ। পটনার সিটি এসপি ভানু প্রতাপ সিং জানিয়েছেন, গার্দানিবাগ থানায় দায়ের করা এই মামলাটি ভারতীয় দণ্ডবিধির (IPC) অধীনে ছিল, যা বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই মামলায় মূলত জালিয়াতি ও চক্রান্তের অভিযোগ রয়েছে।
সিটি এসপি বলেন, “এটি ১৯৯৫ সালের মামলা। মামলার বিচার প্রক্রিয়া চলছিল এবং সাংসদের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখে তিনি উপস্থিত হননি। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।” তিনি আরও জানান, পাপ্পু যাদবের চিকিৎসার সরঞ্জাম এবং তাঁর কেয়ারটেকারকে সাথে নেওয়া হয়েছে। তাঁকে প্রথমে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এরপর থানায় রাখা হবে। এদিকে সাংসদের গ্রেফতারিকে কেন্দ্র করে তাঁর বাসভবনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলগুলি এই গ্রেফতারির সমালোচনা করে একে “রাজনৈতিক প্রতিহিংসা” বলে দাবি করেছে।
