TOP NEWS

পুণে বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, তল্লাশির পর মিলল স্বস্তি

(File Photo)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দিল্লি থেকে পুণেগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানটি পুণে বিমানবন্দরে অবতরণ করার পরই এই খবর ছড়িয়ে পড়ে। তবে দীর্ঘ তল্লাশির পর সন্দেহজনক কিছু না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, ইন্ডিগোর ৬ই ২৬০৮ (6E 2608) বিমানটি রাত ৮টা ৪০ মিনিটে পুণেতে নামার কথা ছিল। নির্ধারিত সময়ের কিছুটা পরে, রাত ৯টা ২৪ মিনিটে সেটি অবতরণ করে। বিমানটি ৩ নম্বর বে-তে পার্ক করার ঠিক তিন মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) বোমাতঙ্কের খবরটি জানায়। দ্রুত বিমানটিকে একটি বিচ্ছিন্ন জায়গায় (isolation bay) সরিয়ে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ গঠন করা হয় ‘বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ (BTAC)।

কমিটির পর্যালোচনার পর বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS) পুরো বিমানে চিরুনি তল্লাশি চালায়। দীর্ঘ পরীক্ষার পর কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। এরপরই বিমানটিকে পুনরায় স্বাভাবিক চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হয়। এক আধিকারিক জানিয়েছেন, অত্যন্ত সমন্বয়ের সঙ্গে এবং দ্রুততার সাথে পুরো পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।

ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “দিল্লি থেকে পুণেগামী ফ্লাইটে অবতরণের পরই একটি নিরাপত্তা সংক্রান্ত হুমকির বিষয় নজরে আসে। নির্ধারিত প্রোটোকল মেনে আমরা তৎক্ষণাৎ প্রশাসনকে জানাই এবং পূর্ণ সহযোগিতা করি। বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা নিরাপদে নেমেছেন। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান অগ্রাধিকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!