ডেইলি ডোমকল, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য জেলা শাসকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানান, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগত অসঙ্গতির অজুহাতে সাধারণ মানুষকে কোনোভাবেই হেনস্থা করা যাবে না।
মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সভাপতিত্বে জেলা শাসকদের নিয়ে এক বৈঠক চলাকালীন আচমকাই তাতে যোগ দেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেখানেই তিনি নির্বাচন সংক্রান্ত কাজে জেলাশাসকদের বিশেষ সতর্কবার্তা দেন। একজন প্রবীণ সরকারি আমলা জানান, “মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, ভোটার তালিকা সংশোধনের শুনানি প্রক্রিয়া শীর্ষ আদালতের নির্দেশ মেনেই পরিচালনা করতে হবে। অহেতুক ত্রুটির কথা বলে সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি।”
মুখ্যমন্ত্রীর মতে, ভোটার তালিকার অসঙ্গতি সংশোধনের শুনানিতে যোগ দিতে গিয়ে মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। গোটা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করার আহ্বান জানান তিনি। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সুপ্রিম কোর্ট যে সমস্ত নথিকে বৈধ বলে ঘোষণা করেছে, শুনানির সময় সেগুলি অবশ্যই গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম চলবে না। নথিপত্র জমা দেওয়ার পর জেলাশাসকদের অবশ্যই রসিদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনো ভোটার নির্দিষ্ট দিনে শুনানিতে হাজির হতে না পারলে, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের কাজ চলার পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলো যাতে কোনোভাবেই থমকে না যায়, সেদিকেও কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আধিকারিকদের আশ্বস্ত করে তিনি বলেন যে, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে, তাই তাঁদের ভীত হওয়ার কোনো কারণ নেই।
