TOP NEWS

তিনগুণ বেড়েছে কর্পোরেট অনুদান, বিজেপির ঝুলিতেই ৩,১১২ কোটি টাকা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে বিপুল তহবিল দেওয়া বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলির কর্পোরেট অনুদান বেড়েছে তিনগুণ। ২০২৪-২৫ সালে ৯টি নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে রাজনৈতিক দলগুলি মোট ৩ হাজার ৮১১ কোটি টাকা অনুদান পেয়েছে। অনুদানের পাওয়ার শীর্ষে রয়েছে পদ্ম শিবির। কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছে ৩ হাজার ১১২ কোটি টাকা। নির্বাচন কমিশনে (ইসিআই) জমা দেওয়া অনুদান রিপোর্ট অনুসারে, নয়টি নির্বাচনী ট্রাস্ট রাজনৈতিক দলগুলিকে মোট ৩,৮১১.৩৭ কোটি টাকা অনুদান দিয়েছে। এর মধ্যে বিজেপি একাই অনুদান পেয়েছে ৩,১১২.৫০ কোটি টাকা। যা প্রাপ্ত মোট অনুদানের ৮২ শতাংশ। কংগ্রেস পেয়েছে প্রায় ২৯৮.৭৭ কোটি টাকা। যা মোট অনুদানের ৮% এর চেয়ে কম। এছাড়া অন্যান্য দলগুলি সম্মিলিতভাবে প্রায় ৪০০ কোটি টাকা পেয়েছে।

২০ ডিসেম্বর পর্যন্ত বর্তমানে রেজিস্টার্ড ১৯টি নির্বাচনী ট্রাস্টের মধ্যে ১৩টি নির্বাচনী ট্রাস্টের অনুদানের রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাওয়া গিয়েছে। অন্যদিকে, চারটি ট্রাস্ট-জনহিত, পরিবর্তন, জয়হিন্দ, এবং জয়ভারথ, ২০২৪-২০২৫ সালে শূন্য অনুদানের কথা ঘোষণা করেছে। বেনামী নির্বাচনী বন্ড স্কিমকে অসাংবিধানিক ঘোষণা করার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে বিশ্বাস-ভিত্তিক তহবিলের এই বৃদ্ধি একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে। গত আর্থিক বছরে ট্রাস্টের মোট অবদান ছিল ১,২১৮ কোটি টাকা।

তথ্য অনুযায়ী, অনুদান দেওয়ার তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। সংস্থাটি মোট ২,৬৬৮.৪৬ কোটি টাকা দিয়েছে। যার মধ্যে ২,১৮০,৭১ কোটি টাকা দেওয়া হয়েছে বিজেপি। তবে এই ট্রাস্ট কংগ্রেস, তৃণমূল, এএপি, টিডিপি এবং অন্যান্য দলগুলিকেও অনুদান দিয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রোগ্রেসিভ ইলেক্টোরাল ট্রাস্ট। এদের প্রাপ্ত অনুদান ৯১৭কোটি টাকা যার মধ্যে ৯১৪.৯৭ কোটি টাকা রাজনৈতিক দলগুলিকে দিয়েছে। সেই অর্থের ৮০.৮২ শতাংশ গিয়েছে বিজেপির ঝুলিতে। মাহিন্দ্রা গ্রুপের অর্থায়ন করা নিউ ডেমোক্র্যাটিক ইলেক্টোরাল ট্রাস্ট মোট ১৬০ কোটি টাকার মধ্যে ১৫০ কোটি টাকা দিয়েছে বিজেপিকে। এছাড়াও রয়েছে নিউ ডেমোক্র্যাটিক ইলেক্টোরাল ট্রাস্ট, হারমোনি ইলেক্টোরাল ট্রাস্ট, জনকল্যাণ ইলেক্টোরাল ট্রাস্ট। সংবাদমাধ্যমের এক প্রতিবদেনে বলা হয়েছে, এই ট্রাস্টগুলিকে অনুদান দিয়েছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, ভারতী এয়ারটেল, অরবিন্দ ফার্মা, টাটা গ্রুপ, টরেন্ট ফার্মাসিউটিক্যালস-সহ আরও কয়েকটি সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!