ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিদেশ সফরে গিয়েছেন দেশের আর্মি প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ৫ জানুয়ারি তিনি বিদেশ সফরে গিয়েছেন এবং ৮ জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) ও শ্রীলঙ্কা সফর করবেন জেনারেল দ্বিবেদী। দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ভারতের চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই এই সফর বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, সফরের প্রথম পর্বে জেনারেল দ্বিবেদী ৫ ও ৬ জানুয়ারি ইউএই-তে অবস্থান করবেন। সেখানে পৌঁছনোর পর তাঁকে ইউএই স্থলবাহিনীর তরফে গার্ড অব অনার প্রদান করা হবে। সফরকালে তিনি ইউএই সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, যার মধ্যে ইউএই স্থলবাহিনীর কমান্ডারও রয়েছেন। পাশাপাশি ইউএই সেনাবাহিনীর গঠন, ভূমিকা ও সক্ষমতা নিয়ে বিস্তারিত ব্রিফিং নেবেন তিনি।
এছাড়াও, স্থলবাহিনীর প্রধান ইউএই-এর গুরুত্বপূর্ণ সামরিক প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করবেন এবং অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। ভারত-ইউএই প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরতেই এই কর্মসূচিগুলি আয়োজন করা হয়েছে। সফরের অংশ হিসেবে জেনারেল দ্বিবেদী ইউএই ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন এবং সেখানে উপস্থিত অফিসারদের উদ্দেশে ভাষণ দেবেন। এই সব কর্মসূচির মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, পেশাগত সামরিক আদান-প্রদান এবং কৌশলগত বোঝাপড়া আরও গভীর করার লক্ষ্য রয়েছে।
ইউএই সফর শেষে ৭ ও ৮ জানুয়ারি জেনারেল দ্বিবেদী শ্রীলঙ্কা সফরে যাবেন। সেখানে পৌঁছনোর পর তাঁকে শ্রীলঙ্কা সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। সফরকালে তিনি শ্রীলঙ্কার সেনাপ্রধান, প্রতিরক্ষা উপমন্ত্রী ও প্রতিরক্ষা সচিবসহ সামরিক ও অসামরিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রশিক্ষণ সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
শ্রীলঙ্কা সফরের সময় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ অফিসারদের উদ্দেশে ভাষণ দেবেন এবং বুট্টালায় অবস্থিত আর্মি ওয়ার কলেজে প্রশিক্ষণরত অফিসারদের সঙ্গে মতবিনিময় করবেন। এর মাধ্যমে শ্রীলঙ্কার সঙ্গে প্রতিরক্ষা শিক্ষা ও পেশাগত সামরিক বিনিময়ে ভারতের দৃঢ় অঙ্গীকার প্রতিফলিত হবে। এছাড়াও, জেনারেল দ্বিবেদী আইপিকেএফ (ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স) যুদ্ধস্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, যেখানে শ্রীলঙ্কায় দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী ভারতীয় সেনাদের স্মরণ করা হয়।
ইউএই ও শ্রীলঙ্কায় ভারতের স্থলবাহিনীর প্রধানের এই সফর ভারত মহাসাগরীয় অঞ্চল ও পশ্চিম এশিয়ায় বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সামরিক সমন্বয় আরও উন্নত করবে বলেই মনে করা হচ্ছে।
