ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ওডিশার বলাঙ্গির জেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় শিউরে উঠছে রাজ্য। খোদ স্কুল চত্বরের ভেতরেই ওই নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার পাঁচ সহপাঠী এবং এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তদন্তে নেমে পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, বলাঙ্গির জেলার তুরেকেলা থানা এলাকার একটি স্কুলে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বিশেষ টিউশন ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগ, সেই ক্লাসের পরেই পাঁচ জন সহপাঠী এবং ২২ বছর বয়সী এক যুবক ওই ছাত্রীকে ঘিরে ধরে এবং স্কুল চত্বরেই গণধর্ষণ করে। নারকীয় এই অত্যাচারের এখানেই শেষ নয়; অভিযুক্তরা গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে তা অন্যদের পাঠিয়ে দেয়। বলাঙ্গির জেলার পুলিশ সুপার অভিলাষ জি মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের তদন্তে বড় সূত্র হিসেবে কাজ করেছে। ওই ভিডিও দেখেই আমরা অভিযুক্তদের শনাক্ত করি এবং তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্যাতনের সময় ভিডিও তুলে তা ছড়িয়ে দেওয়া হয়েছিল।” ধৃতদের বর্তমানে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বলাঙ্গির ঘটনার রেশ কাটতে না কাটতেই ওডিশার কন্ধমাল জেলা থেকে আরও একটি অমানবিক ঘটনা ঘটল। উল্লেখ্য, বেলাঘর থানা এলাকায় এক নাবালিকাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, নির্যাতিতা বাধা দেওয়ায় অভিযুক্তরা তার কাপড় ছিঁড়ে দেয় এবং সেই অবস্থার ভিডিও তুলে রাখে। ওই ভিডিও সবাইকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্তরা তাকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে সব জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে এবং পলাতক অন্য এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পরপর ঘটে যাওয়া এই দুই ঘটনায় ওডিশার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
