TOP NEWS

‘সুপারম্যানের চেয়েও শক্তিশালী হনুমান’: বিজ্ঞান মঞ্চে পুরাণের নায়ক-প্রশংসা নাইডুর

(Andhra Pradesh chief minister N. Chandrababu Naidu || Photo Courtesy: X)

ডেইলি ডোমকল, অমরাবতী: ভারতীয় মহাকাব্যের চরিত্রদের শক্তি ও মহিমাকে হলিউডের জনপ্রিয় সুপারহিরোদের চেয়েও বেশি শক্তিশালী ও ক্ষমতাধর বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিরুপতির ন্যাশনাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভারতীয় বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভগবান হনুমানের শক্তি সুপারম্যানের থেকেও বেশি, অর্জুন ছিলেন আয়রন ম্যান ও ব্যাটম্যানের থেকেও বড় যোদ্ধা।” শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, ভারতের পুরাণ ও মহাকাব্যের চরিত্ররা কেবল শক্তিশালীই নন, তাঁদের মধ্যে নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের গভীরতা রয়েছে। যা পশ্চিমি কল্পকাহিনির সুপারহিরোদের মধ্যে অনুপস্থিত।

তরুণ ও যুবসমাজকে পাশ্চাত্য সুপারহিরো সংস্কৃতিতে সীমাবদ্ধ না রেখে ভারতের মহাকাব্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাঠ দিতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। আরএসএস প্রধানকে পাশে নিয়ে নাইডু বলেন, “ভগবান রাম ন্যায় ও নৈতিকতার প্রতীক। রামরাজ্য আদর্শ শাসনের রূপক। ভগবান কৃষ্ণ ও মহাদেব শিবের মহিমা এবং রামায়ণ-মহাভারত থেকে শিক্ষা নিতে হবে আমাদের।” এক চলচ্চিত্রের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “এই মহাকাব্যগুলি জনপ্রিয় ‘অ্যাভাটার’-এর মতো ছবির থেকেও অনেক বেশি গভীর ও তাৎপর্যপূর্ণ।”

এদিকে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে এই ধরনের বক্তব্য কেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। নায়ড়ুর এই মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এক নেটিজেন লেখেন, “অবশেষে তিনি মেনে নিলেন মহাভারত ও রামায়ণ সিনেমার চিত্রনাট্য।” আরেক নেটিজেন ব্যঙ্গ করে লেখেন, “সবাইকে ছাপিয়ে মোদিই সবচেয়ে শক্তিশালী। ভারতে নতুন বইয়ের নাম হওয়া উচিত—‘হাউ টু উইন আ হার্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স আ সাংঘি’।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!