ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের একটি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী গোষ্ঠী। তাদের পেছনে রয়েছে অনুগত আমলাতন্ত্র ও নিরাপত্তা সংস্থার বিস্তৃত নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করা এবং তাকে নিউইয়র্কে নারকোটেররিজম মামলায় হেফাজতে নেওয়ার পরও ক্ষমতার সেই কাঠামো মোটামুটি অক্ষুণ্ন রয়েছে। এদিকে মাদুরোর পরবর্তী অন্তর্বর্তী নেতৃত্ব শপথ নিয়েছে।
নিচে দেখানো হলো ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিরা এবং যুক্তরাষ্ট্রে যারা দেশটির ভবিষ্যৎ নির্ধারণে নেতৃত্ব দিচ্ছেন:
ভেনেজুয়েলা
ডেলসি রদ্রিগেজ
পদ/পরিচয়: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
দায়িত্ব: মাদুরোর সাবেক উপ-রাষ্ট্রপতি; বর্তমানে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে দেশ পরিচালনা করছেন।
কেন গুরুত্বপূর্ণ: পেশায় আইনজীবী ও দীর্ঘদিনের দলীয় ব্যক্তি রদ্রিগেজকে ‘চতুরঙ্গের জারিনা’ বলা হয়— কারণ তিনি উপ-রাষ্ট্রপতি, তেলমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে ব্যাপক ক্ষমতা অর্জন করেছিলেন। মাদুরো সরকারের সদস্য হওয়ায় তিনি নিষেধাজ্ঞার আওতায় থাকলেও আপাতত যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করেছেন। মার্কিন তেল কোম্পানি কর্মকর্তাদের মতে, দেশটির জীর্ণ জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে তিনি সবচেয়ে কার্যকর সেতুবন্ধ হতে পারেন।
হোর্হে রদ্রিগেজ
পদ/পরিচয়: জাতীয় পরিষদের সভাপতি; ডেলসি রদ্রিগেজের ভাই
দায়িত্ব: শাসক সমাজতান্ত্রিক দলের সুপার সংখ্যাগরিষ্ঠতা থাকা আইনসভা পরিচালনা।
কেন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র ও রাজনৈতিক বিরোধীদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বহু বছর ধরেই ভেনেজুয়েলার প্রধান মুখ হিসেবে কাজ করেছেন। নির্বাচন এবং বন্দি বিনিময় চুক্তি নিয়েও আলোচনার নেতৃত্ব দিয়েছেন। ওয়াশিংটন ও কারাকাসের সূত্র অনুযায়ী, বিদেশি সরকারগুলোর কাছে তিনিও যুক্তিসঙ্গত আলোচক হিসেবে বিবেচিত এবং আরো বিদেশি জ্বালানি কোম্পানিকে প্রবেশের সুযোগ দিতে তেল আইন সংশোধনে নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।
দিওসদাদো কাবেইয়ো
পদ/পরিচয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব: সামরিক কাউন্টার-ইনটেলিজেন্স সংস্থা DGCIM এবং “কলেক্তিভোস” নামে পরিচিত মোটরবাইক গ্যাং নিয়ন্ত্রণ।
কেন গুরুত্বপূর্ণ: বিরোধী দমন-পীড়নের মূল নিয়ামক এবং ভেনেজুয়েলায় “চাভিসমো”-র প্রধান ধারক হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র তাকে নারকোটেররিজম অভিযোগে অভিযুক্ত করেছে এবং তার গ্রেপ্তারের জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। ওয়াশিংটন জানিয়েছে, তিনি সহযোগিতা না করলে গ্রেপ্তারের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।
ভ্লাদিমির পাদ্রিনো
পদ/পরিচয়: প্রতিরক্ষামন্ত্রী
দায়িত্ব: সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ।
কেন গুরুত্বপূর্ণ: অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরকালে সামরিক শূন্যতা তৈরি না হওয়ার জন্য যুক্তরাষ্ট্র তাকে গুরুত্বপূর্ণ মনে করে। কাবেইয়োর তুলনায় কম মতাদর্শপ্রবণ বলে তিনি ডেলসি রদ্রিগেজের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন এবং সুযোগ পেলে নিরাপদ প্রস্থান চাইতে পারেন বলে ধারণা করা হয়। ১১ বছরেরও বেশি সময় ধরে দায়িত্বে থাকা পাদ্রিনোর বিরুদ্ধেও মার্কিন মাদক পাচারের অভিযোগ ও ১৫ মিলিয়ন ডলারের পুরস্কার রয়েছে।
মারিয়া কোরিনা মাচাদো
পদ/পরিচয়: ভেনেজুয়েলার শীর্ষ বিরোধী নেতা ও নোবেল বিজয়ী
দায়িত্ব: দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রচার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছেন।
কেন গুরুত্বপূর্ণ: ২০২৪ সালের নির্বাচনের আগে বিরোধী শিবিরের প্রাইমারিতে তিনি ব্যাপক ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে মাদুরোর সরকার তাকে সাধারণ নির্বাচনে দাঁড়াতে নিষিদ্ধ করে। কিছু সরকারি মহলের সঙ্গে তার সমন্বয় থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাচাদোর “দেশ চালানোর মতো সমর্থন নেই।”
যুক্তরাষ্ট্র
মার্কো রুবিও
পদ/পরিচয়: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
দায়িত্ব: ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে দৃশ্যমান মুখ।
কেন গুরুত্বপূর্ণ: কিউবান বংশোদ্ভূত ও স্প্যানিশভাষী রুবিও বহুদিন ধরে লাতিন আমেরিকা বিষয়ে সক্রিয়। মাদুরো উৎখাত তার বহুদিনের রাজনৈতিক লক্ষ্য। তিনি সরাসরি ডেলসি রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে দেশটি যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুসরণ করে।
জন র্যাটক্লিফ
পদ/পরিচয়: সিআইএ পরিচালক
দায়িত্ব: যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থার নেতৃত্ব।
কেন গুরুত্বপূর্ণ: ট্রাম্পের ঘনিষ্ঠ র্যাটক্লিফ প্রতিদিনের কৌশলগত বৈঠক ও ফোন আলোচনায় অংশ নিচ্ছেন। সিআইএ ভেনেজুয়েলা অভিযানে মূল ভূমিকা নিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, আগস্ট থেকে একটি ক্ষুদ্র দল মাঠে থেকে মাদুরোর গতিবিধি পর্যবেক্ষণ করে অপারেশনের সুনির্দিষ্ট সময় নির্ধারণে সহায়তা করে।
স্টিফেন মিলার
পদ/পরিচয়: হোয়াইট হাউসের নীতি বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ
দায়িত্ব: ট্রাম্পের অভিবাসন কড়াকড়ির নীতির স্থপতি— যার বড় অংশ লাতিন আমেরিকাকে ঘিরে।
কেন গুরুত্বপূর্ণ: হোয়াইট হাউসের বহু নীতিতে তার প্রভাব ব্যাপক। তার নেতৃত্বে অভিবাসন আটক ও বিতাড়ন ত্বরান্বিত হয়। সাম্প্রতিক অবস্থানে তিনি বলছেন— বিশ্ব “শক্তির মাধ্যমে শাসিত,” তা বিদেশি সরকার উৎখাতই হোক বা গ্রিনল্যান্ড অধিগ্রহণই হোক।
পিট হেগসেথ
পদ/পরিচয়: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
দায়িত্ব: বিশ্বব্যাপী মার্কিন সামরিক তৎপরতা, যার মধ্যে মাদুরোকে হটানোর অভিযানও রয়েছে।
কেন গুরুত্বপূর্ণ: সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক মোতায়েনের নেতৃত্ব দেন। মাদক পাচার সন্দেহে নৌকা লক্ষ্য করে হামলা এবং দ্রুত অভিযানের মাধ্যমে মাদুরোকে গ্রেপ্তারের নির্দেশ দেন। বর্তমান অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করলে আরও সামরিক অভিযানের ইঙ্গিত রয়েছে।
ক্রিস রাইট
পদ/পরিচয়: যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী
দায়িত্ব: বৈশ্বিক জ্বালানি নীতি ও ভেনেজুয়েলার ভবিষ্যৎ তেল বাণিজ্যের তত্ত্বাবধান।
কেন গুরুত্বপূর্ণ: জলবায়ুবিষয়ক সংশয়ী ও ট্রাম্পের সাবেক দাতা রাইট ভেনেজুেলার তেল খাত পুনর্নির্মাণের দায়িত্বে রয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন— শেভরনসহ মার্কিন কোম্পানিগুলো সেখানে কার্যক্রম বাড়াবে, পাশাপাশি কনোকোফিলিপস ও এক্সন মোবিলও ফিরে আসতে পারে। তিনি আরও বলেন, ওয়াশিংটন ভেনেজুয়েলাকে চীনের ক্লায়েন্ট রাষ্ট্র হতে দেবে না, যদিও চীনের কাছে তেল বিক্রি অনুমোদন থাকছে।
(সূত্র: এনডিটিভি || অনুবাদ: সুরাইয়া সুমি সরকার)
