TOP NEWS

মার্কিন হামলাকে ‘বৈধ আত্মরক্ষা’ বললেন ইতালির প্রধানমন্ত্রী, ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পকে খুশি করার চেষ্টা মেলোনির!

(Italian Prime Minister Giorgia Meloni || Image Credit: X)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন হামলায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বৈশ্বিক নেতারা। এই পরিস্থিতিতে মার্কিন হামলাকে সম্পূর্ণ ভাবে সমর্থন করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পক্ষে সওয়াল করলেন কট্টর ডানপন্থী এই নেতা। শনিবার মেলোনি বলেন, এই পদক্ষেপকে বৈধ ‘আত্মরক্ষা’ হিসেবে দেখা যেতে পারে। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, সরকার পরিবর্তনের উদ্দেশ্যে বাহ্যিক সামরিক শক্তির ব্যবহারকে ইতালি সমর্থন করে না। এদিন এক বিবৃতিতে ইতালির প্রধানমন্ত্রী জানান, “ইতালির সরকার মনে করে না যে বাহ্যিক সামরিক হস্তক্ষেপের মাধ্যমে স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটানো যায়। কিন্তু একইসঙ্গে আমাদের নিরাপত্তার বিরুদ্ধে হাইব্রিড হামলার ক্ষেত্রে প্রতিরক্ষামূলক হস্তক্ষেপকে বৈধ বলে মনে করে—বিশেষ করে যখন কোনো রাষ্ট্র মাদক পাচারকে উসকে দেয় ও প্রশ্রয় দেয়।” উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনির এই মন্তব্য আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনাবাহিনীর হাতে আটক করার দাবি করেন। ট্রাম্পের অ্যাটর্নি জেনারেলও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদুরোকে আমেরিকার আইনের “পূর্ণ রোষের” মুখোমুখি হতে হবে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই বামপন্থী প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে গত কয়েক মাস ধরে চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!