TOP NEWS

জোটে তীব্র আপত্তি জারার, এনসিপি ত্যাগ করে স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা ‘ঘরের মেয়ে’র

(প্রাক্তন এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। || ছবি: ফেসবুক)

ডেইলি ডোমকল, ঢাকা: বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তারপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিলেন প্রাক্তন এনসিপি নেত্রী। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। খিলগাঁও, সবুজবাগ ও মুগদার বাসিন্দাদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেকে “ঘরের মেয়ে” হিসেবে পরিচয় দিয়ে তাসনিম জারা বলেন, খিলগাঁওয়েই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। দীর্ঘদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে নিজের এলাকার মানুষ ও দেশের সেবা করার। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি সেই পথ থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক মাধ্যমে এক সুদীর্ঘ পোস্টে প্রাক্তন এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেত্রী লেখেন, জনগণের জন্য কাজ করা এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে অঙ্গীকার তিনি করেছিলেন, তা রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। দলীয় প্রার্থী না হওয়ায় সংগঠিত কর্মীবাহিনী, দলীয় কার্যালয় কিংবা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা তাঁর থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সমর্থনই তাঁর একমাত্র ভরসা বলে জানান তাসনিম জারা।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনি বাধ্যবাধকতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর জমা দেওয়া আবশ্যক। আগামী দিন থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে বলে। একদিনে এত বিপুল সংখ্যক স্বাক্ষর সংগ্রহের কাজ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এ জন্য স্বেচ্ছাসেবক বা স্থান প্রদানের মাধ্যমে সাহায্য করতে ইচ্ছুকদের একটি নির্দিষ্ট অনলাইন গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

এছাড়াও তিনি জানান, এর আগে নির্বাচনী তহবিল সংগ্রহের সময় যারা অনুদান দিয়েছিলেন, তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের প্রেক্ষিতে কেউ চাইলে সেই অর্থ ফেরত নিতে পারবেন। বিকাশের মাধ্যমে অনুদান পাঠানো ব্যক্তিদের জন্য একটি অনলাইন ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানোদের ক্ষেত্রেও শিগগিরই প্রক্রিয়া জানানো হবে বলে জানান তাসনিম জারা। জারার সাফ কথা, সততা, নিষ্ঠা এবং নতুন ধরনের রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির উপর ভর করেই তিনি মানুষের কাছে সমর্থন চাইছেন। জনগণের সমর্থন পেলেই তিনি তাঁদের সেবা করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে চলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও জোট করা থেকে পিছুপা হয়নি জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের দল। এই জোট মানতে না পারায় এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপি-র এক যুগ্ম আহ্বায়ক জানান, এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, তাসনিম জারা স্বতন্ত্র নির্বাচন করবেন, এ জন্য তিনি পদত্যাগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!