TOP NEWS

কাশ্মীরে সাংবাদিকদের ওপর ‘পাহারা’! মসজিদ-মাদ্রাসা নিয়ে খবর করে পুলিশের রোষে বাশারত-আশিকরা

TV cameras lined up, covering large public event

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের মসজিদ ও মাদ্রাসায় প্রশাসনের তথ্য সংগ্রহের বিষয়ে খবর করে শাহ পুলিশের রোষের মুখে উপত্যকার সাংবাদিকরা। সাংবাদিকদের ওপর জম্মু ও কাশ্মীর পুলিশের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র নিন্দা জানালো বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ সংবাদ সংস্থা। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর বাশারত মাসুদ এবং ‘হিন্দুস্তান টাইমস’-এর আশিক হোসেনসহ অন্তত চারজন সাংবাদিককে পুলিশ তলব করেছে এবং তাঁদের বন্ড বা মুচলেকা সই করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, পুলিশের বিতর্কিত এই তথ্য সংগ্রহ অভিযানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করার পরেই বাশারত মাসুদকে শ্রীনগরের সাইবার থানায় টানা চার দিন তলব করা হয়। পরে তাঁকে জেলা শাসকের দপ্তরে নিয়ে গিয়ে একটি মুচলেকা সই করতে বলা হয়। একইভাবে পুলিশের সমনের মুখে পড়েন সাংবাদিক আশিক হোসেনও। প্রশাসনের এই পদক্ষেপকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় আঘাত হিসেবে দেখছেন রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীরা। সংবাদ সংস্থাগুলির দাবি, শুধুমাত্র স্থানীয় কাশ্মীরি সাংবাদিকদের ওপরই নয়, এখন জাতীয় স্তরের বড় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপরও এই দমন-পীড়ন ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি কেবল জম্মু ও কাশ্মীরের নয়, বরং গোটা ভারতের সংবাদপত্রের স্বাধীনতার জন্য একটি অশনি সংকেত।

বুধবার এক বিবৃতিতে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া কাশ্মীরে সাংবাদিকদের ওপর চলমান দমন-পীড়নের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ সংবাদমাধ্যমের ওপর এমন স্বৈরাচারী আচরণ কাম্য নয়। সাংবাদিকদের থানায় ডেকে জেরা করা এবং চাপের মুখে হলফনামা লিখিয়ে নেওয়া আসলে তাঁদের পেশাগত কাজে বাধা দেওয়ার নামান্তর। গিল্ড কর্তৃপক্ষ এই ধরনের হুমকিমূলক আচরণ বন্ধ করে স্বচ্ছতা বজায় রাখার এবং আইনি পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।

অনলাইন নিউজ পোর্টালগুলির সংগঠন ‘ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশন’ এই ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর “ভয়াবহ আক্রমণ” বলে বর্ণনা করেছে। তাদের মতে, ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে সংবাদমাধ্যমের পরিস্থিতি ক্রমেই শোচনীয় হয়ে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে, এ পর্যন্ত ২০০-র বেশি সাংবাদিক পুলিশি সমন, তল্লাশি বা আইনি হেনস্থার শিকার হয়েছেন। অন্যদিকে, জার্নালিস্ট ফেডারেশন অফ কাশ্মীর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছে, সাধারণ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের থানায় ডেকে পাঠানো সংবাদপত্রের স্বাধীনতার টুঁটি চেপে ধরার শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!