ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ওড়িশায় খ্রিস্টান যাজকের ওপর বর্বরোচিত হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপি সরকারের কড়া সমালোচনায় সরব হলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, ওড়িশায় বিজেপি সরকার গঠনের পর থেকেই আদিবাসী, মুসলিম এবং খ্রিস্টানদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে ওয়াইসি অভিযোগ করেন যে, ওড়িশার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি লেখেন, “ওড়িশায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু এবং আদিবাসীদের ক্রমাগত লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমনকি একাধিক বাঙালি মুসলিম হকারকেও মারধর ও হুমকি দেওয়া হয়েছে।”
বিজেপি শাসিত রাজ্যগুলিতে ‘জঙ্গলরাজ’ কায়েম হয়েছে বলে দাবি করে ওয়াইসি উত্তরপ্রদেশের একাধিক সাম্প্রতিক ঘটনার উদাহরণ টানেন, মোরাদাবাদে ভিন্নধর্মী এক দম্পতিকে খুনের ঘটনা। দাদরিতে মহম্মদ আখলাক পিটিয়ে হত্যা মামলার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সরকারি উদ্যোগ। সম্বল হিংসায় জড়িত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দেওয়ায় সংশ্লিষ্ট বিচারপতির বদলি।
ওয়াইসি কটাক্ষ করে বলেন, “সংক্ষেপে বলতে গেলে, ‘জঙ্গলরাজ’ চলে এসেছে। ভবিষ্যতে কী হতে চলেছে তা জানতে বিজেপি শাসিত রাজ্যগুলোর খবরের দিকে নজর দিলেই বোঝা যাবে।” ওয়াইসির মতে, উত্তরপ্রদেশের মতো ওড়িশাতেও আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে এবং সংখ্যালঘু জনপদগুলিতে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। ওড়িশার যাজক নিগ্রহের ঘটনাটি সেই বৃহত্তর পরিস্থিতিরই অংশ বলে তিনি মনে করেন।
