ডেইলি ডোমকল, ঢাকা: শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। ৮০ বছর বয়সি খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বহু শারীরিক জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের পরামর্শে গত ১১ ডিসেম্বর তাঁর ফুসফুস ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দিতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শনিবার মধ্যরাতের কিছুক্ষণ পর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক এজেডএম জাহিদ বলেন, “এখনও বলা যাচ্ছে না যে তাঁর অবস্থার কোনও উন্নতি হয়েছে। তিনি অত্যন্ত সংকটজনক একটি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।”
তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান। জাহিদের কথায়, “আল্লাহর অশেষ রহমতে যদি তিনি এই সংকটজনক সময়টা পার করতে পারেন, তাহলে হয়তো ইতিবাচক কিছু খবর পাওয়া যেতে পারে।” এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান শনিবার রাতে হাসপাতালে প্রায় দু’ঘণ্টার বেশি সময় কাটিয়ে মধ্যরাতের কিছু আগে সেখান থেকে বেরিয়ে যান বলে খবর।
খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে। এর আগে বিএনপির তরফে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা হলেও, বর্তমান শারীরিক অবস্থার কারণে বিমানযাত্রা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে আপাতত দেশেই তাঁর চিকিৎসা চলছে।
