TOP NEWS

‘বাংলাদেশি’ সন্দেহে বাঙালি শ্রমিকদের হেনস্থা, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ অধীরের

(Photo Courtesy: X)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাগাতার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, নিগৃহ, নির্যাতন ও গণপিটুনি চলছে। বাঙালি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস কর্মসমিতির বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর উপস্থিতিতে তিনি দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন কংগ্রেস নেতা। বৈঠকে অধীর চৌধুরী বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তার বিষয়টি তুলে ধরেন। বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেন, বাংলাভাষী ভারতীয়দের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের পার্থক্য না করেই বাংলার পরিযায়ী শ্রমিকদের নিশানা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে দেশজুড়ে কংগ্রেসের পক্ষ থেকে সংগঠিত কর্মসূচি নেওয়ার প্রস্তাব দেন তিনি।

উল্লেখ্য, গত বুধবার (২৪ ডিসেম্বর) বিজেপি শাসিত ওড়িশায় বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনির জেরে একুশ বছর বয়সী জুয়েল রানা নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর এলাকার বাসিন্দা। এদিন মুর্শিদাবাদের যুবকের খুনের বিষয়টিও তুলে ধরেন অধীর চৌধুরী। তাঁর দাবি, ভিনরাজ্যে কাজে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন মালদহ ও মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকরা। এই দুই জেলা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। এই পরিস্থিতিতে দলীয়ভাবে সরব হওয়া জরুরি বলেই মত তাঁর। অধীর চৌধুরীর বক্তব্য, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া জরুরি যে, পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর অন্যায় ও হেনস্তার বিরুদ্ধে কংগ্রেস তাদের পাশে রয়েছে। এই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার দিকেই দলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!