TOP NEWS

ভিন্ন ধর্মে প্রেম: সম্ভলে নিজের বোনকে শ্বাসরোধ করে খুন যুবকের, সমর্থন বাবার

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এক তরুণীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো তাঁর নিজের দাদাকেই। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে খুনের ঘটনা। নিছক অন্য সম্প্রদায়ের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ২৫ বছর বয়সী ওই যুবক তাঁর ২১ বছর বয়সী বোনকে শ্বাসরোধ করে খুন করেছেন বলে অভিযোগ। শুক্রবার পুলিশ এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। ঘটনাটি ঘটেছে আসমোলি থানা এলাকার মাতাওয়ালি পট্টি গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম জানে আলম। বৃহস্পতিবার গভীর রাতে তিনি নিজেই পুলিশকে ফোন (PCR call) করে নিজের বোন রূপ জাহানকে খুনের কথা স্বীকার করেন। ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ASP) কুলদীপ সিং জানিয়েছেন, রূপ জাহানের সঙ্গে অন্য সম্প্রদায়ের শিবম সাইনি (২২) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অমতে ওই তরুণী শিবমকে বিয়ে করতে চেয়েছিলেন। এই বিষয়টি নিয়ে জানে আলম দীর্ঘকাল ধরে ক্ষুব্ধ ছিলেন। বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির সময় রাগের মাথায় তিনি নিজের বোনকে শ্বাসরোধ করে হত্যা করেন।

এই ঘটনায় সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো নিহতের বাবার অবস্থান। রূপ জাহানের বাবা নৌশের তাঁর ছেলের এই অপরাধকে প্রকাশ্যেই সমর্থন করেছেন। পুলিশের কাছে তিনি দাবি করেন, “মেয়ে পরিবারের অপমান করছিল, তাই তাকে মেরে ফেলা সঠিক সিদ্ধান্ত।” নৌশেরের মতে, গ্রামবাসীরা তাঁদের নিয়ে ঠাট্টা-তামাশা করছিল এবং রূপ জাহানের আচরণ পরিবারের জন্য সম্মানজনক ছিল না। তিনি বলোন, “আমরা মুসলিম আর ছেলেটি সাইনি সম্প্রদায়ের। এই বিয়ে আমরা কীভাবে মেনে নিতাম? ছেলেটি আমাদের সম্প্রদায়ের হলে বিষয়টি অন্যরকম হতে পারত।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খুনের পর জানে আলমের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। অভিযুক্তকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!