ডেইলি ডোমকল, নয়াদিল্লি: রাজ্যে বিধানসভা নির্বাচন সামনে রেখে কংগ্রেসে প্রত্যাবর্তন মৌসম নূরের। শনিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসম। শনিবার দিল্লির কংগ্রেস দপ্তরে আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে যোগ দেন মৌসম নূর। উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমদ মীর এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
তৃণমূলে কি মোহভঙ্গ? দলবদলের কারণ ব্যাখ্যা করে মৌসম জানান, “কাকা ও প্রাক্তন কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর রাজনৈতিক উত্তরাধিকার বহন করতেই তাঁর এই সিদ্ধান্ত। মোহভঙ্গের ব্যাপার নেই, এটা পরিবারের সিদ্ধান্ত।” একইসঙ্গে মৌসম নূর বলেন, “পশ্চিমবঙ্গের পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তন আমার মাধ্যমেই শুরু হোক। আমি কোনও শর্ত ছাড়াই কংগ্রেসে ফিরেছি।” তিনি আরও বলেন, “দলকে শক্তিশালী করতে আমি কঠোর পরিশ্রম করব, কারণ বাংলার মানুষ, বিশেষ করে মালদহের মানুষ কংগ্রেস ও তার ধর্মনিরপেক্ষতা, উন্নয়ন এবং শান্তির আদর্শে বিশ্বাস রাখেন।” ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানান তিনি। মৌসমের কথায়, “কংগ্রেসকে ধন্যবাদ জানাই আমায় গ্রহণ করার জন্য। আমরা কংগ্রেস পরিবার। কয়েক বছর তৃণমূলে ছিলাম। অনেক সুযোগ দিয়েছে কাজ করার। মমতাদিকে পদত্যাগ পাঠিয়ে দিয়েছি। সোমবার রাজ্যসভায় ইস্তফা দেব। পরিবারগত ভাবে ঠিক করেছি একসঙ্গে কাজ করব। যেভাবে দায়িত্ব দেবে, করব। সেক্যুলারিজম, ডেভেলপমেন্ট, পিস – এটাই কংগ্রেসের মন্ত্র। সেভাবেই কাজ করব।”
মৌসম নূরের রাজ্যসভায় সাংসদ হিসেবে মেয়াদ আগামী এপ্রিল মাসে শেষ হচ্ছে। দলীয় সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি মালদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর আগে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে সাংসদ ছিলেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
