ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ১৫ বছরের কম বয়সিদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক মাধ্যম! ইতিমধ্যে তরুণ-তরুণীদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধ করতে একটি বিল নিয়ে পর্যালোচনা শুরু করেছে ফ্রান্স। স্কুলেরও যাতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা যায়, তা নিয়েও ভাবছে ম্যাক্রোঁ সরকার। বুধবার সংবাদ সংস্থা ফ্রান্সইনফো জানিয়েছে, আগামী জানুয়ারিতে এই বিলটি পর্যালোচনা করা হবে। ফরাসি কাউন্সিল অব স্টেট ৮ জানুয়ারি বিলটি পরীক্ষা করবে। বিলে প্রস্তাব করা হয়েছে, ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যমে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হবে এবং নতুন শিক্ষাবর্ষ থেকে—অর্থাৎ সেপ্টেম্বর ২০২৬ থেকে—উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
গত নভেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছিলেন, ২০২৬–২৭ শিক্ষাবর্ষের শুরু থেকে উচ্চ বিদ্যালয়েও মোবাইল ফোন নিষিদ্ধ করা হবে এবং ১৫ বা ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, বহু শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক গবেষণায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব এবং মোবাইল ফোনের কারণে পড়াশোনায় মনোযোগ বিচ্যুতির ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে। ফরাসি সরকারের এই প্রস্তাবিত বিলকে সেই প্রেক্ষিতেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
