ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন দেশজুড়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই বাস্তব জীবনের এক ভিন্ন চিত্র দেখল দক্ষিণ ভারতের এই রাজ্য। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষ বিক্রি করে রাতারাতি ভাইরাল হওয়া ‘কুম্ভকন্যা’ মনালিসা ভোসলে এবং অভিনেতা-মডেল ফয়মান খানের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে ‘আসল কেরালা স্টোরি’ হিসেবে অভিহিত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভি. শিবনকুট্টি।
বুধবার তিরুবনন্তপুরমের অরুমানুর শ্রী নায়নার দেব মন্দিরে এই আন্তঃধর্মীয় বিবাহ সম্পন্ন হয়। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে মন্দিরে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনসহ একাধিক শীর্ষ বাম নেতা।
বিগত ছয় মাস ধরে প্রেমের সম্পর্কের পর কেরালার এই ঐতিহ্যবাহী মন্দিরে মালাবদল করেন মনালিসা ও ফয়মান। শ্রী নারায়ণ গুরুর আদর্শে অনুপ্রাণিত এই মন্দিরে বিয়ের অনুষ্ঠান সেরে মনালিসা জানান, “আমার পরিবার অন্য একজনের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি তাতে রাজি ছিলাম না। ফয়মানকে বিয়ে করে আমি এখন খুব খুশি। কেরালার মানুষ অত্যন্ত সহায়ক।”
অন্যদিকে ফয়মান জানান, একটি সিনেমার শুটিং সেটে তাঁদের পরিচয়। প্রথমে তিনি প্রস্তাব ফিরিয়ে দিলেও পরে মনালিসার ভালোবাসায় সাড়া দেন। কেরালার ধর্মনিরপেক্ষ পরিবেশ এবং নায়নার মন্দিরের শান্ত পরিবেশ তাঁদের মুগ্ধ করায় তাঁরা এখানেই বিয়ের সিদ্ধান্ত নেন।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে শুরু থেকেই ‘অপপ্রচার’ বলে দাবি করে আসছিল কেরালার বাম সরকার। এই বিয়ের পর শিক্ষামন্ত্রী শিবনকুট্টি সরাসরি সেই ছবিকে বিঁধে বলেন, “এটাই প্রকৃত কেরালা স্টোরি, যেখানে বিভিন্ন পটভূমির মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে। এখানে ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার পরিবেশ বজায় থাকে।” প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান বাম নেতা থমাস আইজ্যাক সামাজিক মাধ্যমে লিখেছেন, “কেরালা হলো আন্তঃধর্মীয় প্রেমিক-প্রেমিকাদের জন্য নিরাপদ স্বর্গ। কুম্ভমেলার ভাইরাল তারকা মনালিসা ও ফয়মান খানের এই মিলনই কেরালা রাজ্যের আসল প্রতিচ্ছবি।”
কেরালার রাজধানীতে পৌঁছানোর পর মনালিসা এবং ফয়মান স্থানীয় পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। মনালিসার অভিযোগ ছিল, তাঁর বাবা বিজয় সিং ভোসলে তাঁকে তাঁর অপছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। পুলিশ মনালিসার পরিবারকে স্পষ্ট জানিয়ে দেয় যে, তিনি প্রাপ্তবয়স্ক এবং আইনত নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার তাঁর রয়েছে।
গত বছর মহাকুম্ভ মেলার সময় রুদ্রাক্ষের মালা হাতে মনালিসার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তাঁর পরিচিতি বাড়ে। বর্তমানে তিনি মালয়ালম সিনেমা ‘নাগাম্মা’-র মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। সেখানে অভিনেতা কৈলাসের বিপরীতে অভিনয় করছেন তিনি।
তবে এই বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি তাঁর আগামী ছবির প্রচার বা ‘পিআর স্টান্ট’ হতে পারে। যদিও নবদম্পতি এই জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। আপাতত কেরালার মাটিতে দাঁড়িয়ে নতুন জীবনের জয়গান গাইছেন ‘ভাইরাল কন্যা’ মনালিসা।
