TOP NEWS

মধ্যপ্রদেশে নিরাপত্তার উদ্বেগজনক চিত্র: ২০২০ থেকে এখনও নিখোঁজ ৬৮ হাজারেরও বেশি মহিলা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে নারী নিখোঁজের এক ভয়াবহ পরিসংখ্যান সামনে এল। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে নিখোঁজ হওয়া মহিলাদের মধ্যে ৬৮,৩৩৪ জনের এখনও কোনো হদিশ মেলেনি। বিধানসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব এই চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন।

কংগ্রেস বিধায়ক বিক্রান্ত ভুরিয়ার প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, ২০২০ থেকে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত মধ্যপ্রদেশে মোট ২,৭৪,৩১১ জন মহিলা নিখোঁজ হয়েছেন। যার মধ্যে ২,৩৫,৯৭৭ জনকে পুলিশ উদ্ধার করতে বা খুঁজে বের করতে পারলেও, বাকি ৬৮,৩৩৪ জন মহিলার খোঁজ এখনও মেলেনি।

সরকারি এই পরিসংখ্যান বিশ্লেষণ করলে এক শিউরে ওঠা চিত্র ফুটে ওঠে। দেখা যাচ্ছে- গত ছয় বছরে গড়ে প্রতিদিন রাজ্যে ১৩০ জন মহিলা নিখোঁজ হওয়ার রিপোর্ট জমা পড়ছে। উদ্ধার না হওয়া মহিলাদের সংখ্যা মোট নিখোঁজ হওয়ার সংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।

এই পরিসংখ্যান সামনে আসতেই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। আদিবাসী কংগ্রেস নেতা বিক্রান্ত ভুরিয়া বলেন, “এটি একটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। এই বিশাল সংখ্যাই প্রমাণ করে যে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। মা-বোনেদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ।”

যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিখোঁজ মহিলাদের একটি বড় অংশকে (প্রায় ৮৬ শতাংশ) উদ্ধার করা সম্ভব হয়েছে, তবুও বাকিদের হদিশ না পাওয়া যাওয়ায় উদ্বেগ কমছে না। নিখোঁজ হওয়া মহিলাদের মধ্যে বড় একটি অংশ মানব পাচারের শিকার কি না, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। রাজ্য পুলিশ জানিয়েছে, বাকি নিখোঁজদের সন্ধানে বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং প্রতিটি জেলাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!