ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী নাগরিকদের ওপর হামলা ও নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি সতর্ক করে বলেন, মাতৃভাষার ভিত্তিতে মানুষকে লক্ষ্যবস্তু করা হলে তা সাম্প্রদায়িক অস্থিরতা ও হিংসা উসকে দিতে পারে। অধীর সাফ জানিয়েছেন, “বাংলাভাষী মানেই বাংলাদেশি নয়”।
চিঠিতে অধীর চৌধুরী লেখেন, “তাঁদের একমাত্র ‘অপরাধ’ হল বাংলা ভাষায় কথা বলা। অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এই ভাষাকে ভিনদেশি পরিচয়ের চিহ্ন হিসেবে ভুলভাবে ধরে নিয়ে তাঁদের কথিত অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছে এবং অন্যায্য আচরণ করা হচ্ছে।” প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে বৈষম্য, হয়রানি ও নিপীড়নের মতো ঘটনার বিষয়ে সমস্ত রাজ্য সরকারকে ‘সংবেদনশীল’ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।
এই আবেদনের পটভূমিতে সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথাও উঠে এসেছে। এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল রানার মৃত্যু। ওড়িশার সম্বলপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে পিটিয়ে খুন করা হয় মুর্শিদাবাদের যুবককে। অন্যদিকে, মুম্বইয়ে দুই পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেফতারের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে মোট ১,১৪৩টি হামলা ও নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে। যার অধিকাংশই গটেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই পরিসংখ্যান পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে। মঙ্গলবার ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও হেনস্থার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অধীর।
