নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নির্বাচন কমিশনের বিশেষ তথ্য যাচাই বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। অবিলম্বে এই প্রক্রিয়া পুরোপুরি বাতিলের দাবিতে রাজ্য ও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন জমা দিল ‘অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট’। সংগঠনের দাবি, এই নথিপত্র যাচাইয়ের নামে সাধারণ মানুষের ওপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে, যার জেরে রাজ্যে একাধিক অকাল মৃত্যু ও আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে সাধারণ নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আবারও নথিপত্র পরীক্ষার অছিলায় হাজার হাজার প্রকৃত ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। সেখানে তাঁদের ‘অবাস্তব ও অবান্তর’ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি সংগঠনের।
সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস বলেন, “এসআইআর-এর ছদ্মবেশে আসলে সারা দেশে এনআরসি (NRC) করার প্রক্রিয়া চালানো হচ্ছে। দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং দরিদ্র শ্রমজীবী মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাঁদের সুকৌশলে বেনাগরিক করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্র ও নির্বাচন কমিশন।” ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, এই শুনানির নোটিশ পাওয়ার পর থেকে তৈরি হওয়া মানসিক চাপ সহ্য করতে না পেরে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি বেশ কিছু এলাকায় ভোটারদের আত্মহত্যার মতো চরম পথ বেছে নেওয়ার ঘটনাও সামনে এসেছে। সংগঠনের মতে, এই প্রক্রিয়া সম্পূর্ণ ‘বেআইনি এবং অসাংবিধানিক’।
সংগঠনটি কেবল নির্বাচন কমিশন নয়, এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে অনুলিপি পাঠিয়েছে ভারতের রাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছেও। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে এসআইআর (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি পুরোপুরি বাতিল করতে হবে। নথিপত্র পরীক্ষার নামে ভোটারদের হয়রানি ও শুনানি প্রক্রিয়া বন্ধ করতে হবে। ভারতের প্রতিটি নাগরিকের সাংবিধানিক ভোটাধিকার অক্ষুণ্ণ রাখতে হবে।
