ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: এসআইআর নিয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এসআইআর শুনানিতে ২০১০ সালের পর ইস্যু হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট গ্রহণ করা হবে না—সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, ২০১০ সাল পর্যন্ত রাজ্যে ওবিসি তালিকাভুক্ত যে জনজাতিগুলি ছিল, শুধুমাত্র তাদের শংসাপত্রই এসআইআর-এর শুনানিতে গ্রহণযোগ্য হবে। পরবর্তীকালে রাজ্য সরকার যে ১১৩টি জনজাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, তাদের দেওয়া সার্টিফিকেট এসআইআর-এ গ্রাহ্য হবে না।
এসআইআর প্রক্রিয়ায় মোট ১১ ধরনের নথি স্বীকৃত, যার মধ্যে ওবিসি সার্টিফিকেটও রয়েছে। এই বিষয়টি নিয়েই হাইকোর্টে মামলা হয়। যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, তবু মূল মামলা এখনও বিচারাধীন। এই প্রেক্ষাপটে হাইকোর্ট কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই কমিশন জানাল, এসআইআর-এর ক্ষেত্রে ২০১০ সালের পর ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট কার্যকর হবে না।
