TOP NEWS

মেটা-টিকটককে টক্কর দিচ্ছে ফিলিস্তিনি প্রযুক্তিবিদের ‘আপস্ক্রোলড’: কী আছে এই অ্যাপে?

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার একাধিপত্য বিস্তারকারী টিকটক, ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার)-এর ভিড়ে এক নতুন তুফান তুলেছে ‘আপস্ক্রোলড’ (UpScrolled)। ফিলিস্তিনি প্রযুক্তিবিদ ইসাম হিজাজির হাত ধরে আসা এই বিকল্প প্ল্যাটফর্মটি বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় অ্যাপল অ্যাপ স্টোরে সর্বাধিক ডাউনলোড করা সোশ্যাল মিডিয়া অ্যাপের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। এমনকি পাকিস্তানেও এটি বর্তমানে অষ্টম স্থানে রয়েছে।

কেন এই আকস্মিক উত্থান?

গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে যখন প্রধান সারির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যুদ্ধ সংক্রান্ত পোস্টের ওপর কঠোর নিয়ন্ত্রণ বা ‘শ্যাডোব্যান’ (গোপনে প্রচার কমিয়ে দেওয়া) শুরু করে, তখনই হিজাজি এই প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেন। হিজাজির ভাষায়, “আমি যখন অনলাইনের স্বাধীন সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের খবরাখবর শেয়ার করছিলাম, দেখলাম দিন যত যাচ্ছে ধ্বংসলীলা ও মৃত্যু বাড়লেও সেই পোস্টগুলোর প্রচার (visibility) রহস্যজনকভাবে কমছে। সত্যকে কার্যত কণ্ঠরোধ করা হচ্ছিল।” নিজের জাতির কণ্ঠস্বর বিশ্বজুড়ে পৌঁছে দেওয়ার তাগিদ থেকেই করপোরেট চাকরি ছেড়ে দিয়ে হিজাজি তৈরি করেন ‘আপস্ক্রোলড’।

কী আছে এই অ্যাপে?

ইনস্টাগ্রামের মতো লেআউট হলেও এর কর্মপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে- ব্যবহারকারীরা যা শেয়ার করবেন, তা কোনো অ্যালগরিদমের মারপ্যাঁচে আটকে যাবে না। ব্যবহারকারীরা যাদের ফলো করেন, তাদের পোস্টগুলো সময় অনুযায়ী সিরিয়ালভাবে দেখতে পাবেন। অথার্ৎ কোনো শ্যাডোব্যান বা সেন্সরশিপ নেই। আইন লঙ্ঘনকারী পোস্টগুলো মডারেট করার ক্ষেত্রে এআই (AI)-এর বদলে মানুষ কাজ করবে, যা হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং অরাজনৈতিক।

স্বনির্ভর উদ্যোগ ও চ্যালেঞ্জ

ইসাম হিজাজি জানিয়েছেন, এটি কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা বড় টেক ফার্মের অর্থায়নে নয়, বরং তাঁর নিজের সঞ্চয় ও শ্রমে গড়ে তোলা। সোমবার অতিরিক্ত ব্যবহারকারীর চাপে সার্ভার সাময়িকভাবে ডাউন হয়ে গিয়েছিল, তবে টেক টিম দ্রুত তা পুনরুদ্ধারে কাজ করছে।

রাজনৈতিক প্রেক্ষাপট

টিকটকের মার্কিন কার্যক্রম বর্তমানে একটি প্রো-ইসরায়েলি মালিকানাধীন কনসোর্টিয়ামের অধীনে চলে যাওয়ার আশঙ্কায় অনেক ব্যবহারকারীই বিকল্প খুঁজছেন। ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ (CAIR) টিকটকের সেন্সরশিপের সমালোচনা করে মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ‘আপস্ক্রোলড’-এর প্রশংসা করেছে। হিজাজির মতে, “রাজনীতি হয়তো এই প্ল্যাটফর্ম তৈরির মূল অনুপ্রেরণা, কিন্তু এর সাফল্য নির্ভর করবে এর বৈচিত্র্যময় কমিউনিটির ওপর। আমি চাই সোশ্যাল মিডিয়া আবার তার পুরোনো রূপে ফিরুক, যেখানে মানুষের সংযোগই হবে আসল কথা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!