TOP NEWS

প্রধানমন্ত্রীর বিদেশনীতি ‘ইউনিভার্সাল জোক’, মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশের বিদেশনীতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ভারতের বর্তমান বিদেশনীতি আদতে দেশের নয়, বরং প্রধানমন্ত্রীর ‘ব্যক্তিগত বিদেশনীতি’ হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্বমঞ্চে হাসির খোরাক হচ্ছে।

মঙ্গলবার সংসদে ও সংসদের বাইরে সরব হয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদী বর্তমানে বিদেশি শক্তির কাছে নতিস্বীকার করেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের বিদেশনীতি এখন মোদীজীর ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্ব এটাকে একটা রসিকতা হিসেবে দেখছে। ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানেন প্রধানমন্ত্রী কী করতে পারেন আর কী পারেন না। যদি প্রধানমন্ত্রী নিজেই সমঝোতা করে বসেন, তবে দেশের বিদেশনীতিও বিপন্ন হয়ে পড়ে।”

গতকাল সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেছেন রাহুল। তাঁর মতে, প্রধানমন্ত্রীকে দেখে দেশের প্রতিনিধি মনে হচ্ছে না, বরং তাঁর অবস্থান এখন অত্যন্ত দুর্বল। রাহুল বলেন, “সংসদে তিনি যা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। দেশের মানুষ এর ফল ভোগ করতে শুরু করেছে।”

দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে রাহুল গান্ধী পেট্রোল ও রান্নার গ্যাসের (LPG) মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি কেবল সংকটের শুরু মাত্র। প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতির তুলনা কোভিডের সঙ্গে করায় ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী বলছেন পরিস্থিতি কোভিডের মতো হবে। কিন্তু তিনি ভুলে গেছেন কোভিডের সময় কত মানুষের মৃত্যু হয়েছিল এবং কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ট্র্যাজেডির কথা মনে না রেখে এমন তুলনা করা দুর্ভাগ্যজনক।”

বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপি অবশ্য রাহুলের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে রাহুলের এই আক্রমণ মোদী সরকারের ওপর চাপ বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!