TOP NEWS

মানুষকে পরিচ্ছন্ন জল দেওয়া সরকারের দায়িত্ব: ‘স্মার্ট সিটি’ নিয়ে বিজেপিকে বিঁধলেন রাহুল

দূষিত জল খেয়ে অসুস্থকে দেখতে হাসপাতালে রাহুল গান্ধী। || Image Credit: X/@RahulGandhi)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইন্দোরের ভাগীরথপুরায় দূষিত পানীয় জল পানের ফলে মৃত্যুর ঘটনায় শোকাতপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার পর তিনি বর্তমান ‘স্মার্ট সিটি’ মডেলের কড়া সমালোচনা করেন। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, “আমি এই মাত্র ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করলাম। আমাদের বলা হয়েছিল দেশকে নাকি ‘স্মার্ট সিটি’ দেওয়া হবে। কিন্তু এটিই কি স্মার্ট সিটির সেই নতুন মডেল? যেখানে পানীয় জলের কোনো সুরাহা নেই এবং সাধারণ মানুষকে উল্টে ভয় দেখানো হচ্ছে! ইন্দোরের মানুষ স্বচ্ছ জল পাচ্ছেন না, দূষিত জল খেয়ে মানুষের মৃত্যু হচ্ছে। এই চিত্র শুধু ইন্দোরের নয়, দেশের অনেক শহরেরই একই অবস্থা।” তিনি আরও যোগ করেন, “মানুষকে পরিচ্ছন্ন জল দেওয়া এবং দূষণ নিয়ন্ত্রণ করা সরকারের প্রাথমিক দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ।”

পরিবারগুলোর সঙ্গে দেখা করার সময় তাঁকে বাধা দেওয়া হয়েছিল কি না, এই প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা স্পষ্ট জানান, “আমাকে বাধা দেওয়া হয়নি। তবে একে আমি রাজনীতি হিসেবে দেখি না। আমি বিরোধী দলনেতা। এখানে মানুষের মৃত্যু হয়েছে, তাঁরা পরিচ্ছন্ন জল পাচ্ছেন না। তাঁদের এই সমস্যাগুলো তুলে ধরাই আমার কাজ এবং দায়িত্ব। আমি তাঁদের সাহায্য করতে এবং তাঁদের পাশে দাঁড়াতে এসেছি। আপনারা একে যা খুশি বলতে পারেন—রাজনীতি বলতে চাইলে তা-ও বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না।”

এলাকার একটি জলপ্রকল্পের দিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী বলেন, “এই জলের ট্যাঙ্কটিই প্রমাণ দিচ্ছে যে এখানে এখনও স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা নেই। এখন একটি অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা বড়জোর কয়েকদিন টিকবে। যেই নজর এই এলাকা থেকে সরে যাবে, পরিস্থিতি আবার আগের মতোই ভয়াবহ হয়ে উঠবে।” তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, “এখানকার মানুষ কেবল সুষ্ঠুভাবে কাজ করার দাবি জানাচ্ছেন এবং পরিচ্ছন্ন পানীয় জল চাইছেন। তাঁরা কোনো অযৌক্তিক দাবি করছেন না। তাঁরা চান সরকার যেন নিজের দায়িত্ব পালন করে। আমি তাঁদের এই লড়াইকে সমর্থন জানাতেই এখানে এসেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!