TOP NEWS

ইতিহাস ফিরে দেখা: ১৯৫০ সালের প্রথম প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীন ভারতের নবযাত্রা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: প্রতি বছর ২৬ জানুয়ারি ভারত প্রজাতন্ত্র দিবস পালন করে। ১৯৫০ সালের এই দিনেই কার্যকর হয়েছিল ভারতের সংবিধান এবং দেশ আনুষ্ঠানিকভাবে একটি সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আজ সেই ঐতিহাসিক যাত্রার ফিরে দেখার দিন।

ঔপনিবেশিক শাসনের অবসান

ডাঃ বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া তৈরি হওয়া ভারতীয় সংবিধান কার্যকর করার মাধ্যমে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে ভারতের শেষ সাংবিধানিক সম্পর্ক ছিন্ন হয়। ১৯৩০ সালের ‘পূর্ণ স্বরাজ’ ঘোষণার সম্মানার্থেই এই তারিখটি বেছে নেওয়া হয়েছিল। এই দিন থেকে ভারত ব্রিটিশ রাজমুকুটের অধীনে থাকা একটি ‘ডোমিনিয়ন’ থেকে নিজস্ব নির্বাচিত রাষ্ট্রপ্রধান সম্পন্ন এক সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।

প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল বর্তমান রাষ্ট্রপতি ভবন বা তৎকালীন গভর্নমেন্ট হাউসের দরবার হলে। ১৯৫০ সালের এক রিপোর্ট অনুযায়ী, সকাল ঠিক ১০টা বেজে ১৮ মিনিটে ভারতকে ‘সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ হিসেবে ঘোষণা করা হয়। এর ঠিক ছয় মিনিট পর, ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ডাঃ রাজেন্দ্র প্রসাদ। সকাল ১০টা ৩০ মিনিটের পরপরই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে প্রজাতন্ত্রের জন্ম এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের বার্তা দেওয়া হয়। বিদায়ী গভর্নর জেনারেল সি রাজাগোপালাচারী প্রজাতন্ত্রের ঘোষণাপত্র পাঠ করেন। এরপর রাষ্ট্রপতি প্রথমে হিন্দিতে এবং পরে ইংরেজিতে জাতির উদ্দেশে ভাষণ দেন। নিজের ভাষণে ডাঃ রাজেন্দ্র প্রসাদ এই মুহূর্তের তাৎপর্য তুলে ধরে বলেন, “আমাদের দীর্ঘ ও বৈচিত্র্যময় ইতিহাসে আজই প্রথমবার উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম থেকে পূর্ব—এই বিশাল ভূখণ্ড এক সংবিধান এবং এক ইউনিয়নের অধীনে ঐক্যবদ্ধ হয়েছে।”

প্রথম কুচকাওয়াজ: এক ঐতিহাসিক দৃশ্য

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির শোভাযাত্রা দিল্লির রাজপথ দিয়ে এগিয়ে চলে। প্রিয় নেতাকে একঝলক দেখতে মানুষ ভিড় জমিয়েছিলেন ছাদে এবং গাছের ডালে। রাষ্ট্রপতি জোড়হাতে জনতার অভিবাদন গ্রহণ করেন। অ্যাম্ফিথিয়েটারে (বর্তমান ন্যাশনাল স্টেডিয়াম) সেখানে সশস্ত্র বাহিনী ও পুলিশের প্রায় ৩,০০০ সদস্য কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। প্রায় ১৫,০০০ মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত ছিলেন। কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই রাষ্ট্রপতির সেই খোলা জিপে ভ্রমণ এবং পুরনো কেল্লার পটভূমিতে সেনাবাহিনীর মার্চ করার সেই দৃশ্যগুলো আজও ভারতীয় ইতিহাসের অমলিন ছবি হয়ে আছে। পরের বছর থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান রাজপথে স্থানান্তরিত হয়, যা আজ সারা বিশ্বের কাছে ভারতের শক্তি ও সংস্কৃতির প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!