TOP NEWS

আপনার কি রান্নার গ্যাস আছে? সাবধান! এই কাজটি না করলে বন্ধ হতে পারে পরিষেবা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: রান্নার গ্যাস (LPG) পরিষেবায় স্বচ্ছতা আনতে এবং ভর্তুকির অপব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এখন থেকে দেশের সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাই বা ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। মূলত পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই এই সুরক্ষা কবচ আরও মজবুত করতে চাইছে সরকার। ইন্ডিয়ান অয়েল (IOC), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের (HPCL) মতো রাষ্ট্রীয় তেল সংস্থাগুলির সমস্ত গ্রাহকদের এই নির্দেশিকার আওতায় আনা হয়েছে।

কেন এই সিদ্ধান্ত?

সরকারি আধিকারিকদের মতে, প্রকৃত গ্রাহকদের কাছে ভর্তুকির টাকা পৌঁছে দেওয়া এবং ভুয়া সংযোগ চিহ্নিত করতেই এই কড়াকড়ি। বিশেষ করে যারা গত ৯ মাস বা তার বেশি সময় ধরে কোনো রিফিল বুক করেননি, তাদের সংযোগটি ‘নিষ্ক্রিয়’ হিসেবে গণ্য হতে পারে। সেক্ষেত্রে পুনরায় গ্যাস বুক করার আগে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে সশরীরে কেওয়াইসি জমা দিতে হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধাভোগীদের জন্য নিয়ম আরও কঠোর। প্রতি আর্থিক বছরের শুরুতে প্রথম গ্যাস সিলিন্ডার নেওয়ার আগেই তাদের বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় তাদের প্রাপ্য সুবিধা বা ভর্তুকি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

ঘরে বসেই করুন ই-কেওয়াইসি

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে মন্ত্রক জানিয়েছে, এই প্রক্রিয়ার জন্য ডিস্ট্রিবিউটর অফিসে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। স্মার্টফোনের মাধ্যমেই বাড়িতে বসে কয়েক মিনিটে এই কাজ করা সম্ভব।

ধাপগুলো দেখে নিন:

১. অ্যাপ ডাউনলোড: আপনার গ্যাস সরবরাহকারী সংস্থার নিজস্ব অ্যাপ (যেমন- IndianOil One, Hello BPCL বা HP Pay) স্মার্টফোনে ইনস্টল করুন।

২. Aadhaar FaceRD অ্যাপ: গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে UIDAI-এর ‘Aadhaar FaceRD’ অ্যাপটি ডাউনলোড করে নিন।

৩. লগ-ইন: রেজিস্টার্ড মোবাইল নম্বর বা এলপিজি আইডি ব্যবহার করে আপনার গ্যাস অ্যাকাউন্টে লগ-ইন করুন।

৪. ই-কেওয়াইসি নির্বাচন: অ্যাপের ভেতর ‘e-KYC’ বা ‘Aadhaar Authentication’ অপশনে ক্লিক করুন।

৫. ফেস স্ক্যান: আধার নম্বর দেওয়ার পর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে FaceRD অ্যাপে নিয়ে যাবে। সেখানে অন-স্ক্রিন নির্দেশিকা মেনে মুখের ছবি বা ফেস স্ক্যান সম্পন্ন করুন।

৬. নিশ্চিতকরণ: প্রক্রিয়াটি শেষ হলে মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে এলপিজি রিফিল বুকিংয়ে সমস্যা হতে পারে এবং আপনার অ্যাকাউন্টে জমা হওয়া ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!