TOP NEWS

দেশের পরিস্থিতি “গণহত্যার” দিকে এগোচ্ছে: প্রকাশ রাজ, ‘রাষ্ট্রদ্রোহী’ আক্রমণ বিজেপির

(Prominent actor Prakash Raj. || File Photo)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতি কার্যত “গণহত্যার প্রস্তুতি”-র দিকে এগোচ্ছে বলে বিস্ফোরক দাবি করলেন বিশিষ্ট দক্ষিণি অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এজেন্ডা হলো “মুসলিম, আদিবাসী ও সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করা”। হায়দরাবাদে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) আয়োজিত ‘লংগিং ফর জাস্টিস’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন রাজ। যদিও ভাষণটি গত মাসের শেষদিকে দেওয়া হয়েছিল, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এর ক্লিপ ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোড়ন ফেলেছে।

প্রকাশ রাজ অভিনেতা ছাড়াও চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও টেলিভিশন উপস্থাপক। তিনি তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, হিন্দি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত। এপিসিআর-এর আলোচনায় রাজ বলেন, “দয়া করে বোঝার চেষ্টা করুন, এই দেশে যা ঘটছে তা একটি গণহত্যার প্রস্তুতি। তারা মুসলিমদের নিশ্চিহ্ন করতে চায়। তারা আদিবাসী মানুষ ও সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করতে চায়। এটাই তাদের এজেন্ডা।” তিনি তাঁর ‘গণহত্যা’র দাবিকে শাসক জোটের আদর্শের সঙ্গে যুক্ত করে বলেন, প্রকৃত ক্ষমতা আরএসএস-এর হাতে। সংগঠনটিকে তিনি “জলের নিচে থাকা এক দানব” হিসেবে বর্ণনা করেন, আর বিজেপিকে বলেন জলের উপর ভাসমান “পদ্মফুল”।

দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির, বিশেষত বিচারব্যবস্থার কড়া সমালোচনা করে অভিনেতার বক্তব্য, “লজ্জা হওয়া উচিত ভারতের আদালতগুলির। আপনারা ন্যায়বিচারকে হত্যা করে সবচেয়ে বড় অপরাধ করছেন।” তাঁর অভিযোগ, সংবিধানের মূল্যবোধ রক্ষায় আদালত ব্যর্থ হয়েছে। সংবিধান দিবস, ২৬ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে পাওয়া একটি গণইমেলের কথাও উল্লেখ করেন রাজ। তিনি সেটিকে “মিথ্যায় ভরা একটি চিঠি” বলে আখ্যা দেন এবং তাঁর ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। ড. বি আর আম্বেদকর ও সংবিধান সম্পর্কে মোদির লিখিত প্রশংসার সঙ্গে রাম মন্দির সংক্রান্ত এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ধর্মীয় পতাকা উত্তোলনের দৃশ্যের তীব্র সমালোচনা করেন প্রকাশ রাজ। তাঁর প্রশ্ন, “এই ব্যক্তি কি সত্যিই আমাদের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল?”

অভিনেতার অভিযোগ, শাসক আদর্শ সংবিধানের পরিবর্তে মনুস্মৃতি প্রতিষ্ঠা করতে চায় এবং সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বী নাগরিকদের “দ্বিতীয় শ্রেণির নাগরিক”-এ পরিণত করার লক্ষ্য নিয়েছে। নিজের দাবির পক্ষে তিনি গৌরী লঙ্কেশ ও নরেন্দ্র দাভোলকারের মতো কর্মীদের হত্যাকাণ্ডের উদাহরণ দেন এবং অভিযুক্তদের জামিন ও প্রকাশ্য উদযাপনকে নৈতিক অবক্ষয়ের লক্ষণ বলে উল্লেখ করেন। ভাষণের শেষে রাজ সতর্ক করে বলেন, “আজ তারা মুসলিমদের জন্য আসছে। কাল তারা আপনার জন্য আসবে।”

এদিকে প্রকাশ রাজের বক্তব্য নিয়ে বিজেপি নেতা ও সমর্থকদের তরফে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাঁরা মন্তব্যগুলিকে ভিত্তিহীন, উসকানিমূলক ও রাষ্ট্রদ্রোহী বলে আখ্যা দিয়েছেন। এইকসঙ্গে দক্ষিণি অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলেছে গেরুয়া নেতারা। কেউ কেউ পাল্টা যুক্তি দিয়ে বলেন, কোনও বিজেপি বা আরএসএস নেতা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!