ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: সোনা ও রুপোর রেকর্ড মূল্যবৃদ্ধির নেপথ্যে বিজেপির “দুর্নীতিগ্রস্ত নতুন অর্থনৈতিক তত্ত্ব” কাজ করছে বলে দাবি করলেন সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে তিনি অভিযোগ করেন, অসাধু উপায়ে উপার্জিত নগদ কালো টাকাকে মূল্যবান ধাতুতে রূপান্তর করার ফলেই বাজারে এই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই প্রক্রিয়াকে “দুর্নীতির কঠিনীকরণ” (Solidification of corruption) বলে অভিহিত করেছেন। তাঁর মতে, সাধারণ অর্থনীতির নিয়ম অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু বিজেপির শাসনামলে সোনা-রুপোর দাম বাড়ার সাথে সাথে এর চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে।
অখিলেশ যাদব তাঁর পোস্টে লেখেন, “বিজেপি শাসনের নতুন অর্থনীত হলো দুর্নীতির কঠিনীকরণ। অর্থাৎ দুর্নীতির মাধ্যমে উপার্জিত নগদ অর্থকে মূল্যবান ধাতুতে বিনিয়োগ করা। এর ফলে বাজারে এমন এক কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে যা দামকে আরও বাড়িয়ে দিচ্ছে।” তিনি আরও যোগ করেন, “আমার কথা বিশ্বাস না হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এই মূল্যবৃদ্ধির কারণ বিশ্লেষণ করে দেখুন।”
সপা প্রধানের দাবি, এই মূল্যবৃদ্ধির ফলে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “সোনা-রুপোর দাম বাড়ার ফলে বাড়ি, দোকান এবং বাজারে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এতে আগে থেকেই দুর্বল হয়ে পড়া পুলিশি ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এবং অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠছে।”
উল্লেখ্য, সোমবার পণ্য বিনিময় বাজার বা ফিউচার্স মার্কেটে রুপোর দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি কেজিতে ৩ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) রুপোর দাম প্রায় ৬ শতাংশ বা ১৬,৪৩৮ টাকা বেড়ে ৩,০৪,২০০ টাকায় পৌঁছায়। একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে সোনার দামও। ১০ গ্রাম সোনার দাম ২,৯৮৩ টাকা বেড়ে ১,৪৫,৫০০ টাকায় দাঁড়িয়েছে, যা একটি নতুন রেকর্ড। বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক নিয়ে উত্তেজনা এবং মার্কিন ডলারের বিনিময় মূল্য কমে যাওয়াই বিশ্ববাজারে এই দাম বাড়ার মূল কারণ। তবে অখিলেশ যাদব এই আন্তর্জাতিক পরিস্থিতির বদলে দেশের অভ্যন্তরীণ “দুর্নীতিকে”ই প্রধান কারণ হিসেবে কাঠগড়ায় তুলেছেন।
