ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর জেরা এবং আসন্ন চলচ্চিত্রের মুক্তি আটকে যাওয়ার আবহেই কড়া বার্তা দিলেন তামিল সুপারস্টার তথা টিভিকে প্রধান বিজয়। আজ মামল্লাপুরমে আয়োজিত দলের এক কৌশলগত বৈঠকে বিজয় স্পষ্ট জানিয়ে দেন, “চাপের মুখে আমি নতিস্বীকার করব না, মাথাও নোয়াব না।” দলের প্রায় ৩,০০০ রাজ্য ও জেলা স্তরের কর্মকর্তাদের সামনে নিজের রাজনৈতিক অবস্থান খোলসা করেন তামিলনাড়ু ভেট্রি কাজাগাম (TVK)-এর প্রধান।
আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয় তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, “এটি কেবল একটি নির্বাচন নয়, বরং এটি একটি গণতান্ত্রিক যুদ্ধ। আর তোমরাই হলে আমার কমান্ডো যারা এই যুদ্ধে লড়াই করবে।” এদিন ক্ষমতাসীন ডিএমকে (DMK) এবং প্রধান বিরোধী দল এআইএডিএমকে (AIADMK)-কে একযোগে আক্রমণ করেন তিনি। দ্রাবিড় রাজনীতির প্রবাদপ্রতিম পুরুষ সি. এন. আন্নাদুরাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যাঁদের দলের নামে ‘আন্না’ রয়েছে, তাঁরাও আজ আন্নাদুরাইয়ের আদর্শ ভুলে গিয়েছেন।”
বিজয় অভিযোগ করেন যে, ক্ষমতাসীন দলগুলির কাছে পোলিং বুথগুলো এখন জাল ভোট দেওয়ার কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি তাঁর কর্মীদের প্রতিটি ভোট পাহারা দেওয়ার নির্দেশ দেন। ডিএমকে-কে ‘অশুভ শক্তি’ এবং এআইএডিএমকে-কে ‘দুর্নীতিগ্রস্ত শক্তি’ হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, একমাত্র টিভিকে-রই সাহস আছে এই দুই শক্তির মোকাবিলা করার। আসন্ন নির্বাচনে কোনো জোটের পথে না গিয়ে ‘একলা চলো’ নীতির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমরা কোনো বন্ধু ছাড়াই জয়ী হব।”
৫১ বছর বয়সী এই মহাতারকার রাজনৈতিক যাত্রা অবশ্য খুব একটা মসৃণ হচ্ছে না। গত বছরের সেপ্টেম্বরে কারুরে তাঁর এক সমাবেশে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় বর্তমানে সিবিআই তদন্তের মুখোমুখি তিনি। এই নিয়ে দিল্লিতে তাঁকে দু’বার জেরাও করা হয়েছে। অন্যদিকে, সেন্সর বোর্ড তাঁর নতুন ছবি ‘জন নায়গন’-এর মুক্তি আটকে দেওয়ায় আইনি লড়াই চালাচ্ছেন তিনি। আগামীকাল থেকে তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা কেন্দ্রেই বড়সড় প্রচার অভিযানে নামছে টিভিকে। দক্ষিণের এই মেগাস্টারের রাজনৈতিক ময়দানে এই সক্রিয়তা তামিলনাড়ুর বিধানসভা ভোটের সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
